বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২২ ১৩:০২ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২২ ১৪:২০ পিএম
সময়ের জনপ্রিয় অভিনেতা তো বটেই, তিনি হলেন সময়ের সেরা নায়কও। জীবনের নানা চড়াই -উতরাই পেরিয়ে যার বৃহস্পতি এখন তুঙ্গে। তবে সেটা কতটা তুঙ্গে? যতটা হলে প্রেক্ষাগৃহে পাশাপাশি একসঙ্গে চলে তিনটি সিনেমা। বলছি ঢাকাই সিনেমার বর্তমান সময়ের আলোচিত নায়ক শরিফুল রাজের কথা।
রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে একসঙ্গে চলছে শরিফুল রাজ অভিনীত ‘পরাণ’, ‘হাওয়া’ ও ‘দামাল’ সিনেমা।
‘পরাণ’ সিনেমায় রোমানের চরিত্রে অভিনয় করে দর্শকমনে দাগ কেটেছেন শরিফুল রাজ। সিনেমাটি রাজধানীর আধুনিক দুই প্রেক্ষাগৃহে চলছে ১১০ দিনেরও বেশি সময় ধরে। অন্যদিকে, ‘হাওয়া’য় তাঁর ইব্রাহিম চরিত্র যুক্ত করেছে নতুন পালক; সিনেমাটি চলছে ৯১ দিন ধরে। শুধু দেশের বাইরে নয়, বিদেশেও তুমুল সাড়া ফেলেছে সিনেমাটি দুটি। চলতি বছরে সিনেমা শিল্পে যে সুবাতাস বইছে সেটা ফিরে এসেছে রাজ অভিনীত এই দুই সিনেমা দিয়েই।
সেই সাফল্যের ধারাবাহিকতায় গতকাল শুক্রবার দেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দামাল’। এখানে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়কের চরিত্রে অভিনয় করছেন রাজ। ছবিটি আলোচনা অনুযায়ী দর্শক সাড়া পায়নি মুক্তির প্রথমদিনে। তবুও অনেকে আশাবাদী, সামনের দিনগুলোতে আরও বেশি দর্শক টানবে ‘দামাল’।
সিনেমা হলে একসঙ্গে তিন সিনেমা চলা প্রসঙ্গে শরিফুল রাজ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘‘বাংলা সিনেমা নিয়ে আগে মানুষের যে ধারণা ছিল তা এখন একেবারে বদলে গেছে। এখন পরিবার নিয়ে মানুষ সিনেমা দেখতে আসে। আমার অভিনীত তিনটি সিনেমা ‘পরাণ’, ‘হাওয়া’ ও ‘দামাল’ একসঙ্গে চলছে এটা আমার জন্য অনেক আনন্দের। আশা করি, ‘পরাণ’, ‘হাওয়া’ ছবির প্রযোজকরা যেভাবে লাভবান হয়েছেন, ‘দামাল’ ছবির বেলায়ও সেটা হবে।’
একই সঙ্গে ওটিটি দর্শকদেরও মুগ্ধ করছেন রাজ। ‘গুণিন’ সিনেমায় রমিজ চরিত্রে তিনি দর্শকের মনে দাগ কেটেছেন। শিগগিরই হয়তো তাকে আরও নতুন কোনো গল্পে বৈচিত্রময় চরিত্রে দেখা যাবে।
এর আগে ২০১৬ সালে রেদওয়ান রনির ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে শরিফুল রাজ তাঁর চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন। সেই ছবিতেই নিজেকে প্রমাণ করেছিলেন তিনি। জানান দিয়েছিলেন সিনেমায় একজন শক্তিমান অভিনেতা হয়ে রাজত্ব করতে এসেছেন তিনি।
প্রবা/টিএম/জেও