প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩ ২২:৫৫ পিএম
বলিউড বাদশাহ শাহরুখ খান। চলতি বছর ভারতের সবচেয়ে সফল অভিনেতার তালিকায় তিনি আছেন সবার ওপরে। ২০২৩ সালে ইতোমধ্যেই তার দুটি সিনেমা মুক্তি পেয়েছে। এই দুটিই বক্স অফিসে হাজার কোটির ক্লাব অতিক্রম করেছে। এবার আসছে তৃতীয় সিনেমা ‘ডানকি’। রাজকুমার হিরানি পরিচালিত এ সিনেমার অগ্রিম টিকিট ইতোমধ্যেই বিক্রি শুরু হয়েছে। বলিউড বাবলের তথ্যমতে, অগ্রিম টিকিট বিক্রি করে এখন পর্যন্ত ডানকি আয় করেছে ১.২৪ কোটি রুপি।
জানা গেছে, ডানকির ২ হাজার ৮৩৬টি হিন্দি শোর ৩৩ হাজার ৭৭০টি টিকিট বিক্রি হয়েছে এখন পর্যন্ত। তবে ট্রেড অ্যানালিস্ট সুমিত কাদেল মনে করছেন, আগামী তিন দিনে প্রেক্ষাপট বদলে যেতে পারে। তিনি টুইটারে লিখেছেন, ‘ডানকি এখন পর্যন্ত ন্যাশনাল চেইন মাল্টিপ্লেক্সে বিক্রি করেছে ১০ হাজারের বেশি। নন ন্যাশনাল চেইনেও ভালো সাড়া মিলেছে। যদি এই গতি চলতে থাকে তাহলে ডানকি ২০২৩-এর টপ সিনেমাগুলোকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। আগামী তিন দিনে বোঝা যাবে কী হতে চলেছে।’
‘ডানকি’ সিনেমায় শাহরুখের চরিত্রের নাম হার্ডি। এ সিনেমা হার্ডি ও তার চার বন্ধুর কাহিনী তুলে ধরেছে। স্বপ্ন পূরণ করার জন্য তারা লন্ডনে যেতে চান। কিন্তু হার্ডি ও তার বন্ধুরা কেউ ইংরেজি ভালো জানেন না, তাই ভিসা পেতে সমস্যা হয়। এরপর সোজা রাস্তা ছেড়ে হার্ডির নেতৃত্বে পাঞ্জাব থেকে তারা রওনা দেন লন্ডনে। যে পথের সঙ্গী নানা ধরনের বিপদ। ডানকিতে শাহরুখ খান ছাড়াও তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানিসহ অনেকের দেখা মিলবে।