বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২২ ০০:৩৪ এএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২২ ১১:৪৮ এএম
অবশেষে পাঁচ বছরের প্রেম পরিণতি পেল। চার হাত এক হলো গায়ক প্রীতম হাসান ও মডেল শেহতাজ মুনীর হাশেমের। পারিবারিক আয়োজনেই শুক্রবার (২৮ অক্টোবর) বিয়ে করলেন তারা।
বিয়ের জন্য দুই তারকা বেছে নিয়েছেন চা বাগান। শুক্রবার দুপুরে শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের পাশে চা বাগানের উন্মুক্ত মঞ্চে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়ে শেষে সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন প্রীতম। ক্যাপশনে লেখেন, ‘আরও অনেক ছবি আপলোড করা হবে।’
প্রীতমের পোস্ট করা ছবিতে তাকে সাদা শেরওয়ানিতে দেখা গেছে। কনে শেহতাজকে দেখা গেছে গোলাপি লেহেঙ্গায়, পায়ে কেডস। শেহতাজও ফেসবুক আইডিতে কনে সাজার ছবি পোস্ট করেছেন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রীতম-শেহজাদের মেহেদি অনুষ্ঠান সম্পন্ন হয়। সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সাফা কবির, সুনেরাহ বিনতে কামাল, মুমতাহিনা চৌধুরী টয়া, সংগীতশিল্পী জেফার রহমান, নৃত্যশিল্পী হৃদি শেখ প্রমুখ।
পাঁচ বছর আগে প্রীতমের ‘জাদুকর’ গানের ভিডিওতে মডেল হয়েছিলেন শেহতাজ। সেই মিউজিক ভিডিও শুটিংয়ের সময় প্রীতম-শেহজাদের ভালোলাগা শুরু। সেই সম্পর্কের সূত্রেই তারা বিয়ের পথে হাঁটলেন।
প্রবা/এলএ/জেও