প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩ ১৬:৪৩ পিএম
দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। অভিনয়ের পাশাপাশি দেশের রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় তিনি। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে নৌকা প্রতীকে লড়বেন ফেরদৌস। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ার পর থেকেই একের পর এক শুভেচ্ছা-অভিনন্দন পাচ্ছেন হঠাৎ বৃষ্টি খ্যাত এইঅভিনেতা। এবার ফেরদৌসকে সংর্বধনা দিয়েছেন তার চলচ্চিত্রের সহকর্মীরা।
আজ বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বিএফডিসিতে চলচ্চিত্রশিল্পী ও শিল্পী সমাজের পক্ষে থেকে এই ফেরদৌস সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে নিজের অনুভূতি জানিয়ে ফেরদৌস বলেন, ‘আমাকে এই সম্মান জানানোর জন্য সত্যিই আমি আনন্দিত। আমার বন্ধু ও সহকর্মীদের পাশে পেয়ে অভিভূত। মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে আমি ঢাকা-১০ আসনের মনোনয়ন পেয়েছি। প্রধানমন্ত্রী আমাকে এই দায়িত্ব দিয়ে শুধু আমাকে সম্মানিত করেনি, পুরো চলচ্চিত্রঅঙ্গন, চলচ্চিত্র পরিবার আজ সম্মানিতবোধ করছেন।’
তিনি আরও বলেন, ‘আপনাদের সবাইকে আমি আমার পাশে চাই, সামনে চাই। আমি চাই আপনারা আমাকে যেভাবে পথ দেখিয়ে সামনে এগিয়ে নিয়ে গেছেন, আগামীতেও ঠিক সেভাবেই এগিয়ে নিয়ে যাবেন।’
এ সময় শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, পরিচালক কাজী হায়াৎ, দেলোয়ার জাহান ঝন্টু, মুশফিকুর রহমান গুলজার, শাহীন সুমন, অভিনেত্রী সুজাতা, নূতন, অঞ্জনা রহমান, নিপুণ আক্তার, চিত্রনায়ক রিয়াজ, ইমনসহ চলচ্চিত্রের শিল্পী-কলাকুশলীরা উপস্থিত ছিলেন।