প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩ ১০:৫৬ এএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩ ১১:১৯ এএম
বেশ কিছুদিন আগেই বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত সুরকার হয়েছেন এ প্রজন্মের শ্রোতাপ্রিয় শিল্পী, সুরকার, সংগীত পরিচালক ইউসুফ আহমেদ খান। বেতারের জন্য তিনি প্রথম কোনো গানের সুর করলেন। এতে কণ্ঠও দিয়েছেন তিনি। তার সঙ্গে এ গানে দ্বৈত শিল্পী হিসেবে গেয়েছেন ঝিলিক।
আহসান হাবিব বাপ্পীর কথায় ‘মন বলে কিছু নেই’ শিরোনামে গানের সংগীত পরিচালনাও করেছেন ইউসুফ আহমেদ খান। এরই মধ্যে গানটির পুরো কাজ শেষ করে বেতারে জমা দিয়েছেন ইউসুফ।
তিনি বলেন, ‘বাংলাদেশ বেতার এবং আমার কাজের সঙ্গে সম্পৃক্ত সংশ্লিষ্ট সব কর্মকর্তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমার ওপর আস্থা রাখার জন্য। বেতারের জন্য প্রথম সুর করা ছিল একটু বেশিই চ্যালেঞ্জিং। সেই সঙ্গে যেহেতু এটি দ্বৈত গান ছিল তাই সহশিল্পী নির্বাচনেও আমি সচেতন ছিলাম। ঝিলিকের সঙ্গে আগে আমার গান করা হয়েছে। একটি চ্যানেলের জন্য দ্বৈত গান করেছিলাম। তার সম্পর্কে আমি বেশ ভালোভাবেই জানি-বুঝি তাই বেতারের গানেও সহশিল্পী হিসেবে তাকে নিয়েই গানটি করেছি।
গানটি যারাই শুনেছেন বেশ ভালো বলেছেন। কথা ও সুর মুগ্ধ করেছে। ধন্যবাদ গীতিকারের প্রতিও সুন্দর কথার গান লেখার জন্য।’
ঝিলিক বলেন, ‘ইউসুফ ভাই বাংলাদেশের এ প্রজন্মের একজন মেধাবী শিল্পী। তার কণ্ঠ আমাকে যেমন মুগ্ধ করে ঠিক তার বিনয়, আমার প্রতি বড় ভাই হিসেবে কেয়ারিং এবং সব সময় খোঁজখবরে রাখাও মুগ্ধ করে। এর আগেও তার সঙ্গে গান করেছি। এবার বেতারে তার সুরে গান করেছি। গানটির সুর কী যে অদ্ভুতসুন্দর তা বলে বোঝানোর নয়। আশা করি গানটি সবার ভালো লাগবে।’
ইউসুফ আহমেদ খান নিশ্চিত করলেন, গানটি এরই মধ্যে বাংলাদেশ বেতারে প্রচার শুরু হয়েছে।