বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২২ ১৪:৫২ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২২ ১৫:৩৮ পিএম
মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের ঘটনা নিয়ে ফরিদুর রেজা সাগরের মূল গল্পে রায়হান রাফি নির্মাণ করেছেন ‘দামাল’। আজ শুক্রবার সিনেমাটি দেশের ২২ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—শরিফুল রাজ, সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, ইন্তেখাব দিনার, রাশেদ মামুন অপু, সুমিত সেনগুপ্ত, সামিয়া অথৈ, শাহানাজ সুমীসহ অনেকে।
মুক্তিযুদ্ধের সময় অস্ত্র হাতে নিয়ে রণাঙ্গনে পাকবাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযোদ্ধারা। দেশকে পরাধীনতার কবল থেকে মুক্ত করে স্বাধীনতা এনে দিয়েছিলেন গোটা জাতিকে। রণাঙ্গনে যোদ্ধারা যেভাবে ভূমিকা রেখেছিলেন, তৎকালীন ফুটবলাররাও সেভাবেই নিজেদের সর্বস্ব দিয়ে এগিয়ে এসেছিলেন জাতিকে মুক্তির স্বাদ দিতে। তাদের নিয়েই গঠিত হয় স্বাধীন বাংলা ফুটবল দল। তারা ফুটবল নিয়ে ছুটে চলেন মাঠ থেকে মাঠে।
ফুটবল খেলে অর্থ সংগ্রহ করে সেই অর্থ তুলে দেন মুক্তিবাহিনীর হাতে; যার কারণে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি স্বাধীন বাংলা ফুটবল দলের অবদানও এ দেশের স্বাধীনতার ইতিহাসের অংশ হয়ে আছে। আর এ গল্প নিয়েই তৈরি হয়েছে দামাল।
‘পরাণ’ সিনেমা দিয়ে আলোচনায় থাকা শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম জুটির এ সিনেমায় অভিনয় করেছেন একঝাঁক তারকা।
সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা রায়হান রাফি। সিনেমাটি প্রসঙ্গে তার ভাষ্য, ‘এটি আমার একটি স্বপ্নের প্রকল্প। কারণ, এটি মহান মুক্তিযুদ্ধ নিয়ে। আমার মনে হয় মুক্তিযুদ্ধ নিয়ে আগে এভাবে কাজ হয়নি।’
শিশুসাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প থেকে যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন রায়হান রাফি ও নাজিম উদ দৌলা। সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত দামাল দেশজুড়ে পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।
প্রবা/টিএম/জেও