প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩ ১৬:৩৫ পিএম
অ্যানিম্যাল মুক্তির পর থেকেই নানা রকম বিতর্কে রয়েছে। যেন বিতর্কের শেষই নেই। কখনো রণবীর-রাশমিকার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ঘনাচ্ছে বিতর্ক, কখনো আবার রণবীরের ‘লিক মাই শু’ সংলাপ নিয়ে হইচই চলছে। উগ্র পৌরুষ, নারী বিদ্বেষী ছবি এটি, এমন দাবি করছেন অনেকে।
এর মধ্যে ববি দেওলের করা বৈবাহিক ধর্ষণের দৃশ্য নিয়েও চলছে চর্চা। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা।
অ্যানিম্যাল ছবিতে মূক ব্যক্তি আবরার হকের চরিত্রে অভিনয় করেছেন ববি। এই ছবিতে তাকে তিনটি বিয়ে করতে দেখা যায়। তিন নম্বর বিয়ের দৃশ্যে একটি খুন করে রক্তাক্ত অবস্থায় নববধূর উপর রীতিমত ঝাঁপিয়ে পড়তে দেখা যায় তাকে।
এই বৈবাহিক ধর্ষণের দৃশ্য বর্তমানে দারুণ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। চলছে সমালোচনা। এবার সেটি নিয়ে কথা বললেন ববি। জানালেন দৃশ্যটি করার সময় তার কোনো অস্বস্তি কাজ করেনি। সন্দীপ রেড্ডি ভাঙা অর্থাৎ পরিচালক তাকে ভীষণ সাহায্য করেছিলেন এই দৃশ্যটি ঠিকভাবে করার জন্য।
বলিউড বাবলকে দেওয়া সাক্ষাৎকারে ববি বলেন, ‘আমি যখনই আমার চরিত্রটা শুনেছিলাম তখনই আমি বুঝেছিলাম কথা না বলেও এখানে আমার অনেক কিছু করার আছে। যেহেতু আমি কোনো কথা বলিনি সেটাই যেন আমাকে এক অদ্ভুত শক্তি দিয়েছিল। আমি যখন শুটিং করেছি তখন আমার মধ্যে কোনো অস্বস্তি ছিল না।’
নিজের চরিত্র প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমি এমন একটা চরিত্রে অভিনয় করেছি যে স্যাভেজ, যে একজন খারাপ মানুষ, যে তার স্ত্রীর সঙ্গে এমনভাবেই ব্যবহার করে, সে এমনই। আর আমি সেটাকেই ফুটিয়ে তুলেছি। ও আসলে কিন্তু রোমান্টিক, তিনটে বউ আছে বলে কথা!’
অ্যানিম্যাল ছবিটির পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙা। এই ছবিতে মুখ্য ভূমিকায় আছেন রণবীর কাপুর। তার বিপরীতে দেখা গেছে রাশমিকা মান্দানাকে। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি দিমরি প্রমুখ।