বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২২ ১৯:৪৬ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২২ ১৯:৫২ পিএম
মাউন্ট এভারেস্টের নাম শুনলেই মাথায় আসে এর উচ্চতা ও সৌন্দর্য। জীবদ্দশায় সবারই একবার স্বপ্ন থাকে এর দর্শন পাওয়ার, কাছ থেকে দেখার। তেমনই স্বপ্ন পূরণে বেরিয়েছেন অভিনেতা ইরেশ যাকের। বর্তমানে নেপালে রয়েছেন জনপ্রিয় এ অভিনেতা। অবস্থান করছেন মাউন্ট এভারেস্টের ১৪,৫০০ ফিট উচ্চতায়।
সম্প্রতি ইরেশের মা গুণী অভিনেত্রী সারা যাকের তার ফেসবুক পেজে সন্তানের একটি ছবি শেয়ার করেন। যেখানে ইরেশকে ভারী শীতের পোশাকের সঙ্গে চোখে চশমা, হাতে অ্যাথলেটিক গ্লাভস ও স্নো-প্রবস নিয়ে পাহাড়ের গায়ে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
ছবিটি দেখে বোঝাই যাচ্ছে যে, এভারেস্ট ট্র্যাকিংয়ে গেছেন ইরেশ। ছবিটি শেয়ার করে সারা লেখেন, ‘ইরেশ হিমালয়ের ১৪,৫০০ ফিট উচ্চতায় অবস্থান করছে। সে ১৬,০০০ হাজার ফিট চড়ার টার্গেট নিয়েছে। তার জন্য সবাই প্রার্থনা করুন।’
ছবিটি শেয়ার করার পর অনেকেই ইরেশ যাকেরকে অভিনন্দন জানাচ্ছেন।
ইরেশ যাকের দেশের অন্যতম জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব আলী যাকের ও সারা যাকেরের একমাত্র পুত্রসন্তান। বাবা-মায়ের মতো তিনিও দেশের টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ। নিজের মেধাবী অভিনয় দিয়ে ইরেশ বেশকিছু সিনেমার খল চরিত্রেও অভিনয় করে দর্শকের মন ভরিয়েছেন।
‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ খল অভিনেতা বিভাগে তিনি ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
প্রবা/এলএ/টিই