× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলকাতা চলচ্চিত্র উৎসব

তিন দিন দেখা যাবে ‘নোনা পানি’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩ ১৩:৩৮ পিএম

তিন দিন দেখা যাবে ‘নোনা পানি’

কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে ২৯তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে উৎসব। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতিবিষয়ক বিভাগের আয়োজনে এটি চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। ওই উৎসবের ‘এশিয়া সিলেক্ট’ বিভাগে ‘নোনা পানি’ চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। মর্যাদাপূর্ণ এই উৎসবে এটি একমাত্র চলচ্চিত্র, যা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।

সিনেমাটির প্রযোজনা কোম্পানি বেঙ্গল ফাউন্ডেশন জানিয়েছে, নোনা পানি চলচ্চিত্রটি ৯ ডিসেম্বর দুপুর ১টা ৩০ মিনিটে রবীন্দ্রসদনে, ১১ ডিসেম্বর বিকাল ৫টায় নজরুল তীর্থ ২ ও ১২ ডিসেম্বর বিকাল ৫টায় প্রাচী সিনেমায় দেখানো হবে।

বাংলাদেশের খুলনা অঞ্চলের প্রান্তিক মানুষের যাপিত জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র নোনা পানি। বেঙ্গল ক্রিয়েসন লি. প্রযোজিত ও সৈয়দা নিগার বানু পরিচালিত নোনা পানি চলচ্চিত্রটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে, যাদের গল্প সিনেমায় তেমনভাবে উঠে আসে না।

নোনা পানি চলচ্চিত্রের পরিচালক সৈয়দা নিগার বানু বলেন, ‘নোনা পানি টিমের জন্য এটা খুবই আনন্দের যে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মধ্য দিয়ে এটি ওয়ার্ল্ড সিনেমায় যাত্রা শুরু করল। আমরা আশা করছি, বাংলাদেশের সুন্দরবনসংলগ্ন নোনাপানি দেশের সাধারণ মানুষের বলতে না পারা গল্পটি বিশ্ববাসীর কাছে পৌঁছে যাবে।’

আইলার শিকার রোম্বা একজন স্বামী পরিত্যক্ত এবং মা। জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়ে সে তার ছোট ছেলে সোহাগকে নিয়ে ভাগ্য পরিবর্তনের আশায় অভিবাসিত হয়েছে বটখালী গ্রামে; যার পেশা নদী থেকে চিংড়ির রেণু সংগ্রহ করা।

দশপাই; সে নারী না পুরুষ তা নিয়ে ধন্দ কাটে না গ্রামের মানুষের। গ্রামের মেয়েদের নাক-কান ফুটিয়ে জীবন নির্বাহ করা দশপাইয়ের মুক্ত পৃথিবী হলো একটি রেডিও। বাইরের জগতের সঙ্গে যোগাযোগের তার একমাত্র মাধ্যম এই রেডিও। রেডিওতে মগ্ন নানান ভাষা ও সুরের মাধ্যমে চরিত্রটি পৃথিবীর সঙ্গে সখ্য গড়ে তোলে।

অন্যদিকে যাত্রাদলের কৃষ্ণা, যার একটি সুরেলা কণ্ঠ থাকলেও তার শরীরটা মোটেও আকর্ষণীয় নয়। তাই মোটা অন্তর্বাস পরে একসময় নায়িকা হয়ে ওঠে সে। কিন্তু টিকে থাকার লড়াইয়ে জয়-পরাজয়ের মুখোমুখি হয়।

আবুল খায়ের লিটু প্রযোজিত নোনা পানি চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন নেহাল কোরেশী, সম্পাদনা করেছেন ইকবাল কবীর জুয়েল এবং অভিনয় করেছেনÑ বিলকিস বানু, রাকিবুল হক রিপন, জয়িতা মহলানবিশ, রুবল লোদী, জয়ন্ত চট্টোপাধ্যায়, বীণা মজুমদার, সুকান্ত সরকার প্রমুখ। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে সিনেমাটির পরিবেশনা করছেন চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন।

এর আগে একঝাঁক তারকার উপস্থিতিতে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গত মঙ্গলবার বিকালে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে শুরু হয়। 

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অনিল কাপুর, শত্রুঘ্ন সিনহা, সালমান খান, সোনাক্ষী সিনহা, মহেশ ভাট, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায়, পরিচালক গৌতম ঘোষ, অঞ্জন দত্ত, রাজ চক্রবর্তী, সায়ন্তিকা, শ্রাবন্তী, কোয়েল, ঋতুপর্ণা, মিমি চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, দীপঙ্কর দে, পরান বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী প্রমুখ।

আট দিনের এই চলচ্চিত্র উৎসবে ৩৯টি দেশের মোট ২১৯টি সিনেমা দেখানো হবে। এর মধ্যে ১৬৯টি পূর্ণদৈর্ঘ্য, ৫০টি স্বল্পদৈর্ঘ্য ছবি ও তথ্যচিত্র রয়েছে। এ ছাড়াও রয়েছে ৬৩টি বিদেশি সিনেমা। বাংলাদেশ থেকে সৈয়দা নিগার বানুর নোনা পানি চলচ্চিত্রটি একমাত্র সিনেমা হিসেবে প্রতিনিধিত্ব করছে এবার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা