বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২২ ১৫:০৭ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২২ ১৭:০৪ পিএম
এ উৎসবে বাংলাদেশের অন্যান্য সিনেমার পাশাপাশি দেখানো হবে ‘পরাণ’ ও ‘হাওয়া’
কলকাতা চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ২৯ অক্টোবর। এ উৎসবে পরাণ-হাওয়াসহ বাংলাদেশের ২৫টি সিনেমা প্রদর্শিত হবে।
এ আয়োজন অনুষ্ঠিত হবে ভারতের পশ্চিমবঙ্গে। ‘৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ শিরোনামের আয়োজনে এ সিনেমাগুলো দেখানো হবে।
গত বুধবার এক তথ্য বিবরণীতে জানানো হয়, ছয় দিনব্যাপী এ উৎসব আয়োজন করছে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ব্যবস্থাপনায় থাকছে কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশন।
উৎসবে মোট ২৫টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সঙ্গে চারটি প্রামাণ্য চলচ্চিত্র, আটটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসহ মোট ৩৭টি চলচ্চিত্র দেখানো হবে।
২৯ অক্টোবর বিকাল ৪টায় কলকাতার রবীন্দ্রসদনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স এবং পর্যটন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয়। বিশেষ অতিথি থাকবেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন অভিনেত্রী জয়া আহসান, অভিনেতা চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম।
উৎসবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে দেখানো হবে—গুণিন, হৃদিতা, বিউটি সার্কাস, হাওয়া, পরাণ, পায়ের তলায় মাটি নাই, পাপপুণ্য, কালবেলা, চন্দ্রাবতী কথা, চিরঞ্জীব মুজিব, রেহানা মরিয়ম নূর, নোনাজলের কাব্য, রাতজাগা ফুল, লাল মোরগের ঝুঁটি, গোর, গলুই, গণ্ডি, বিশ্বসুন্দরী, রূপসা নদীর বাঁকে, শাটল ট্রেন, মনের মতো মানুষ পাইলাম না, ন-ডরাই, কমলা রকেট, গহিন বালুচর, ঊনপঞ্চাশ বাতাস।
চারটি প্রামাণ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে—‘হাসিনা : এ ডটার্স টেল’, বধ্যভূমিতে একদিন, একটি দেশের জন্য গান, মধুমতী পারের মানুষটি শেখ মুজিবুর রহমান।
আটটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে—খড়, ময়না, ট্রানজিট, কোথায় পাবো তারে, ফেরা, নারীজীবন, কাগজ খেলা, আড়ং।
জানা গেছে, কলকাতার ঐতিহাসিক প্রেক্ষাগৃহ নন্দন-১, ২ ও ৩-এ ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
প্রবা/এসএস/জেও