প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩ ১৬:২৩ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩ ১৭:১৯ পিএম
শাকিব খান ও সাজেদুল হোসেন চৌধুরী দিপু। ছবি- সংগৃহীত
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দিপু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ২ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়েছে। গত কয়েকদিন ধরে ওই হাসপাতালের আইসিইউতে ছিলেন।
তাকে সমাহিত করা হয়েছে বনানীতে। প্রিয় নেতাকে হারিয়ে তার কর্মীরা শোকাহত। অনেকেই স্মৃতিচারণ করছেন দিপুর।
এদিকে চিত্রনায়ক শাকিব খানও প্রিয় বন্ধু দিপুর মৃত্যুতে শোকে মুহ্যমান। তার স্মরণে দীর্ঘ স্ট্যাটাসে লিখেছেন অনেক কথা। শাকিব খান বলেন, ‘আমার বন্ধু দিপু . . . কোন শব্দে তোকে নিয়ে লিখবো কোন ভাষায় তোর পরিবারকে সান্ত্বনা জানাবো ভেবে পাচ্ছি না। একদিন আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এটাই নির্মম সত্য। কিন্তু তুই এতো তাড়াতাড়ি চলে যাবি সেটা আমার চিন্তার ঊর্ধ্বে ছিল।
এইতো কিছুদিন আগে তোর অফিসে নিয়ে গেলি, তোর সন্তানের এনিমেটেড সিনেমার কাজ দেখালি; আগামীতে কত কি করতে চাস সেইসব স্বপ্নের কথাগুলো বললি। সেই তুই হঠাৎ করে সবাইকে চিরদিনের জন্য ছেড়ে চলে গেলি! তুই নেই সেটা মানতে এখনো আমার কষ্ট হচ্ছে।
আমি যেখানে থাকতাম কিছুদিন পর পর ফোন করে খবর নিতি। কেমন আছি কবে আসবে কবে দেখা হবে কত কিছু জানতে চাইতি। সেই তোকে যখন মর্গে গিয়ে দেখছিলাম, মনে হচ্ছিল একটু পরেই উঠে দোস্ত বলে ডাক দিবি। যেমনটা দেখা হলেই তোর বন্ধুত্ব আর ভ্রাতৃত্বের পরম ভালোবাসা আমি অনুভব করতাম।
যে বনানীর রাস্তা দিয়ে আমরা বহুবার একসঙ্গে যাতায়াত করেছি, সেখানে তোকে চিরদিনের জন্য সমাহিত করা হয়েছে। দূর থেকে শুধু তোর নিথর দেহকে দেখেছিলাম। তোর চলে যাওয়ায় আমি যে স্বজন হারানোর শূন্যতা অনুভব করছি সেটা বলে বোঝানোর উপায় নেই।
বন্ধু হিসেবে তোর ভালোবাসার শূন্যতা আমার জীবনে কখনো পূরণ হবে না। কারণ তুই যে কতো বড় মনের অধিকারী এবং ভালো মানুষ ছিলি সেটা তোর শেষ বিদায়ে মানুষের ঢলই বলে দেয়। যতদিন বেঁচে থাকবো তোকে খুব মিস করবো রে দিপু। ওপারে অনেক ভালো থাকিস বন্ধু আমার। তোর বিদেহী আত্মার শান্তি ও দোয়া কামনা করি। মহান আল্লাহ তোকে জান্নাতবাসী করুন।’