× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্মিত হলো ‘নেশার লাটিম’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩ ২৩:৪৩ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩ ১৮:১১ পিএম

'নেশার লাটিম' নাটকের একটি দৃশ্য। ছবি- সংগৃহীত

'নেশার লাটিম' নাটকের একটি দৃশ্য। ছবি- সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি জুটি বেঁধে বেশ কিছু কাজ করেছেন। সেগুলো দর্শকের মনে দাগ কেটেছে। প্রায় দুই বছর পর তারা দুজন আবারও একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘নেশার লাটিম’। 

নাটকটি পরিচালনা করেছেন সোহেল হাসান। রচনা করেছেন চয়ন দেব। গত শনিবার রাজধানীর উত্তরার হাসুর বটতলা সংলগ্ন বস্তিতে এর শুটিং সম্পন্ন হয়েছে। নাটকে আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু ও মাহমুদুল ইসলাম মিঠু। 

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘এই নাটকের গল্পটা বস্তিবাসীদের নিয়ে। একটা লোক মূলত নেশায় আসক্ত। সেই লোকটার দৈনন্দিন জীবনযাপনের সঙ্গে স্ত্রীর যে দ্বন্দ্ব তাতে সংসার জীবনে অশান্তিই লেগে থাকে সারাক্ষণ। একই সঙ্গে বস্তিতে থেকে তারা আশপাশের মানুষকে কীভাবে দেখে এবং একটা মানুষকে দেখার পেছনে আরেকটা মানুষের ভঙ্গিটা কী সেই চিত্র উঠে আসবে এখানে। সোহেলের নির্দেশনায় এর আগেও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। সবই ভালো করার চেষ্টা করেছে। এটাও ভালো হবে আশা করছি। আর মাহির মধ্যে ভালো করার চেষ্টা আছে। ওর সঙ্গে কাজ করতে ভালো লাগে।’ 

সামিরা খান মাহি বলেন, ‘মোশাররফ ভাইয়ার সঙ্গে কাজ করতে পারাটা সত্যিই সৌভাগ্যের ব্যাপার। সেটে নানান ধরনের কারেকশন তিনি দেন। গত দুই বছর অভিনয়ে আমি যা শিখতে পারিনি, মোশাররফ ভাইয়ের সঙ্গে আরেকটি নাটকে অভিনয় করে তা শেখার চেষ্টা করেছি। তিনি সত্যিকার অর্থেই ভীষণ সহযোগিতা করেন। শিল্পী দিদিও ঠিক তাই। খুব মায়াবতী একটা মানুষ। আদর করেন আমাকে।’ 

শিল্পী সরকার অপু বলেন, ‘মোশাররফ সবাইকে নিয়ে কাজটা ভালো করতে চায়, শুধু একা ভালো করতে চায় না। আমার কাছে এটা খুব ভালো লাগে। মাহিও যেকোনো চরিত্রের ভেতরে প্রবেশ করে ভালো কাজের চেষ্টা করে। সব মিলিয়ে নাটকটি ভালো হয়েছে। দর্শক উপভোগ করবে।’ 

শিগগিরই নাটকটি একটি চ্যানেলে প্রচার হবে বলে নিশ্চিত করেছেন পরিচালক সোহেল হাসান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা