প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩ ২১:০১ পিএম
কলকাতায় চলছে গল্পপ্রধান সিনেমার জয়জয়কার। দীর্ঘদিনের চেষ্টায় গতানুগতিক ধারার বাইরে গিয়ে ভিন্ন ভাবনার ছবির বাজার তৈরিতে যারা অবদান রেখেছেন সে তালিকায় ওপরের দিকে উচ্চারিত হয় সফল নির্মাতা জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির নাম। একের পর এক সিনেমা দিয়ে তারা বাজিমাত করেছেন।
যার মধ্যে গেল কয়েক বছরে সবচেয়ে আলোচিত ‘মুক্তধারা’, ‘বেলা শেষে’, ‘বেলা শুরু’, ‘পোস্ত’, ‘গোত্র’, ‘হামি’, ‘কণ্ঠ’ ইত্যাদি। সর্বশেষ তারা বাজিমাত করেছেন ‘রক্তবীজ’ সিনেমা দিয়ে। গেল দুর্গাপূজায় এ ছবিটি মুক্তি পেয়েছে। আবারও নন্দিতা ও শিবপ্রসাদ ব্যতিক্রমী ভাবনার গল্প ও নির্মাণের মুনশিয়ানায় দর্শকের মনে তৃপ্তির রঙ মেখেছেন। উইন্ডোজ প্রোডাকশনের সব ছবিই কমবেশি বক্স অফিসে ধারাবাহিকভাবে সফল। সেই ধারা অব্যাহত ছিল আবির-মিমির ‘রক্তবীজ’ ছবিতেও।
সেই ছবির সাফল্যের রেশ নিয়েই নতুন ঘোষণা দিলেন নন্দিতা ও শিবপ্রসাদ। তাদের নতুন এ ছবির নাম ‘আমার বস’। এতে অভিনয় করবেন কলকাতার মোস্ট গ্ল্যামারাস অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তার সঙ্গে দেখা যাবে বর্ষীয়ান অভিনেত্রী রাখী গুলজারকেও।
বিষয়টি নিশ্চিত করে নন্দিতা বলেন, ‘রক্তবীজ পঞ্চাশ দিনের পথে। বিশ্বজুড়ে রক্তবীজের রমরমা এখনও অব্যাহত। আর ইতোমধ্যে শুরু হতে চলেছে আমাদের নতুন ছবি। আরও একটা নতুন গল্প, আবারও একটা নতুন চমক। ছবির নাম আমার বস। এ নতুন পথচলায় আমাদের সঙ্গে থাকছেন শ্রদ্ধেয়া রাখী গুলজার, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্রাবন্তী চ্যাটার্জি।’
নন্দিতা জানান, তার নতুন ছবির শুটিং শুরু হবে জানুয়ারিতে।