বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২২ ১৮:৫৮ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২২ ১৯:২৪ পিএম
দক্ষিণ ভারতের সিনেমা ‘পুষ্পা’ দর্শকমহলে রীতিমতো ঝড় তুলেছে। ছবির পরবর্তী সিকুয়াল ‘পুষ্পা দ্য রুল’ নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। শোনা গিয়েছিল, ছবিটির দ্বিতীয় কিস্তিতে ভিলেনের ভূমিকায় অভিনয় করবেন কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্ত।
এই খবর শোবিজে ছড়ানোর পর থেকেই আল্লু অর্জুনের সঙ্গে বাংলার নায়ককে দেখতে পাওয়ার আশায় বুক বেঁধেছেন অনেকেই। তবে অভিনেতার ম্যানেজার বললেন ভিন্ন কথা।
বিভিন্ন গণমাধ্যমকে তিনি জানান, ‘যে সমস্ত রিপোর্ট বলছে যিশু সেনগুপ্ত “পুষ্পা : দ্য রুল”-এ কাজ করবেন সেগুলো ভিত্তিহীন। আমি নিশ্চিত করছি “পুষ্পা ২” ছবিতে তিনি অভিনয় করছেন না।’
এর আগে ‘পুষ্পা দ্য রাইজ’ ছবির প্রথম পার্টে অভিনয়ের কথা ছিল যিশুর। তবে সে সময় কোভিড পরিস্থিতির কারণেই দক্ষিণের সেই সুপারহিট ছবিতে অভিনয় করে ওঠা হয়নি তার। আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করার ইচ্ছা পূরণ হয়নি। এক সাক্ষাৎকারে যিশু নিজেই জানিয়েছিলেন ‘পুষ্পা দ্য রাইজ’ ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয়ের প্রস্তাব এসেছিল তার কাছে। ফাহাদ ফাসিল অভিনীত চরিত্রটি আসলে তারই করার কথা ছিল।
তবে ‘পুষ্পা ২’ ছবির অংশ না হলেও যিশুকে দেখা যাবে দক্ষিণ ভারতের ‘শকুন্তলম’ ছবিতে। এখানে তিনি সামান্থা রুথ প্রভু আর দেব মোহনের সঙ্গে অভিনয় করেছেন। ছবিটি মুক্তি পাবে আগামী ৪ নভেম্বর।
প্রবা/এলএ/এমজে