প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩ ১২:২১ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩ ১৩:১১ পিএম
কিছুদিন পর পর জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ে বিরতি নেন। আর এ বিরতির সময়টায় তিনি নিজের মতো করেই কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তিন মাসের বেশি সময় কাজে বিরতি নেওয়ার পর প্রভা আবারও নতুন একটি নাটকের কাজ শেষ করলেন।
নাটকের নাম ‘তোমারি বিরহে রহিব বিলীন’। এটি রচনা করেছেন জহির করিম। পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। বুধ ও বৃহস্পতিবার রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে এ নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নাটকটিতে বেলা চরিত্রে অভিনয় করেছেন প্রভা। বিপরীতে জিহান চরিত্রে অভিনয় করেছেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা জাহের আলভী। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সাদিয়া জাহান প্রভা বলেন, ‘রানা ভাই ও সুব্রত দাদার সঙ্গে সম্পর্কটা আসলে দীর্ঘদিনের। চয়নিকা দিদির নির্দেশনায় যখন কাজ শুরু করি তখন থেকেই তাদের সঙ্গে সম্পর্কটা আন্তরিকতার। দীর্ঘদিনের পথচলায় সেই সম্পর্কটা আরও অনেক বেশি আন্তরিক হয়ে উঠেছে। এ টিমটি আমার কাছে পারিবারিক আমেজের। যারা আমাকে বুঝতে পারেন। যে কারণে এ নাটকে কাজ করা। তা ছাড়া জহির করিম ভাইয়ের লেখা গল্প আমার কাছে ভালোলাগার। সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এ কাজটি করা যেতে পারে। এ নাটকের গল্পটাও দারুণ, দর্শককে নাটকটি দেখতে আগ্রহী করে তুলবে। দেখা যাক কী হয়।’
নাটকটি প্রসঙ্গে রানা-সুব্রত বলেন, ‘নাটকে প্রভা ও আলভীর অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করবে আমাদের বিশ্বাস। দুজনই দারুণ অভিনয় করেছেন।’
শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।
এদিকে প্রভা আগামীতে আরও কয়েকটি নাটকের কাজ শুরু করতে যাচ্ছেন বলে জানিয়েছেন।