প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩ ১৫:৫৮ পিএম
মুন্সিগঞ্জের সিরাজদিখান দোসরপাড়ায় অবস্থিত পদ্মহেম ধামের ১৯ তম সাধুসঙ্গ অনুষ্ঠিত হতে যাচ্ছে ২ ডিসেম্বর, শনিবার। তথ্যটি নিশ্চিত করেছেন পদ্মহেম ধামের সভাপতি কবির হোসেন।
তিনি জানান, শনিবার বিকেল ৩টায় লালন সাঁইয়ের অধিবাসের আগমনী গান পরিবেশনের মাধ্যমে সঙ্গ শুরু হয়ে চলবে রাত ২টা পর্যন্ত।
ইছামতি নদীর ধারে খোলা মাঠে লালন বাণী শুনতে দেশের নানান প্রান্তের লালন ভক্তরা হাজির হন এখানে। এই সাধুসঙ্গে লালন বাণী পরিবেশন করবেন দরবেশ নহির সাইসহ আরও অনেকেই।
প্রধান অতিথি হিসেবে থাকবেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক আবুজাফর রিপন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, লতব্দী ইউনিয়ন চেয়ারম্যান হাফেজ ফজলুল হক, অভিনেত্রী নিপুণ ও শবনম ফারিয়া।
কবির হোসেন বলেন, 'আমরা গত ১৯ বছর ধরে এই সাধুসঙ্গ করে আসছি মূলত লালন সাইজির বাণী ও দর্শন মানুষের মধ্যে ছড়িয়ে দিতে। যেন একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি আমরা। যে সমাজে মানুষে মানুষে থাকবে না কোনো বেদাভেদ।'
সাধুসঙ্গের পৃষ্ঠপোশকতায় রয়েছে সিটি ব্যাংক।