প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩ ১২:৪৮ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩ ১২:৫৫ পিএম
মিজানুর রহমান আরিয়ান। এ প্রজন্মের একজন মেধাবী পরিচালক। তার পরিচালিত বহু নাটক দর্শকের ভালোবাসা পেয়েছে। আরিয়ানের নাটকে যারা অভিনয় করেছেন তারাও নতুন করে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। আরিয়ানের অভিনয় জীবনের শুরু তারই নির্দেশিত ‘বড় ছেলে’ নাটকের মাধ্যমে। নন্দিত ও জনপ্রিয় এই নাট্যপরিচালকের আজ জন্মদিন।
জন্মদিন উপলক্ষে দর্শকের জন্য নতুন নাটক নিয়ে আসছেন তিনি। সিএমভির ইউটিউব চ্যানেলে আগামীকাল সন্ধ্যা ৬টায় প্রকাশ পেতে যাচ্ছে অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী নাজনীন নীহা অভিনীত নাটক ‘হৃদয়ে হৃদয়’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান।
এ নাটক নিয়ে আরিয়ান বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের দুজন শিক্ষার্থী হৃদয় এবং তমার প্রেমের গল্পের নাটক এটি। যাদের পরিচয় হয় পিকনিকে গিয়ে। গল্পটা বেশি বলতে চাই না। শুধু এতটুকু বলতে চাই, এ গল্পের মধ্যেও দর্শক নতুনত্ব পাবেন। আর জোভান ও নীহা দুজনই যার যার চরিত্রে এক কথায় চমৎকার অভিনয় করেছেন। জন্মদিনে সবার কাছে দোয়া চাই যেন সুস্থ থাকি, ভালো থাকি। আরও ভালো ভালো কাজ দর্শককে উপহার দিতে পারি।’
হৃদয়ে হৃদয় নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জোভান বলেন, ‘আরিয়ানের সঙ্গে কাজ করতে সব সময়ই ভালো লাগে। কারণ আরিয়ান গল্পে মোমেন্টগুলো ঠিকঠাকভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। একটি দৃশ্যে যথেষ্ট সময় নিয়ে কাজ করেন। যে কারণে অভিনয় করেও শান্তি লাগে। আমাদের দেশে তার মতো মেধাবী নাট্যনির্মাতা এ সময় হাতেগোনা কয়েকজন আছেন। তাকে জন্মদিনের শুভেচ্ছা।’
মিজানুর রহমান আরিয়ান জানান, ডিসেম্বরের মাঝামাঝি তিনি আরও একটি নতুন নাটক নির্মাণ করবেন।