বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২২ ১৩:৫৫ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২২ ১৫:২৮ পিএম
বলিউডে বেশকিছু জনপ্রিয় সিনেমায় বাবা-ছেলের ভূমিকায় অভিনয় করেছেন অনুপম খের ও শাহরুখ খান। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবিতে রাজের ‘কুল ড্যাড’ হয়ে ধরা দিয়েছিলেন অনুপম খের। পরবর্তীতে ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবিতে শাহরুখের শ্বশুরমশাই হিসেবে দর্শক দেখেছে তাকে। দুজনের বন্ধুত্বও দীর্ঘদিনের।
পাশাপাশি অনুপম খেরের স্ত্রী কিরণ খেরের সঙ্গেও শাহরুখের সম্পর্ক মধুর। ‘ম্যায় হু না’সহ বেশকিছু ছবিতে তারা মা ও ছেলের ভূমিকায় অভিনয় করেছেন। কাজের ব্যস্ততার জেরে খুব বেশি দেখাসাক্ষাৎ হয়ে ওঠে না।
তবে এবার বচ্চনদের দিওয়ালি পার্টিতে এক হলেন এই তিন তারকা। প্রতি বছরের মতো এবারও দিওয়ালিতে বচ্চন পরিবারে বসে তারার হাট। দিওয়ালির উৎসবে কালো রঙের সাবেকি পোশাকে কেতাদুরস্ত শাহরুখ খান, অন্যদিকে অনুপম খেরের দেখা মিলল লাল পাঞ্জাবিতে। বউ কিরণ খেরের সঙ্গে ম্যাচিং পোশাকে পৌঁছেছিলেন তিনি। আর ছবিগুলো অনুপম খের নিজের টুইটার হ্যান্ডেলে প্রকাশ করেন।
শাহরুখের সঙ্গে ছবি শেয়ার করে অনুপম খের লেখেন, ‘অনেকদিন পর বন্ধু শাহরুখ খানের সঙ্গে দেখা হলো। প্রতিবারের মতোই শাহরুখ ছিল ভীষণভাবে প্রেমে ভরপুর, যত্নশীল, শ্রদ্ধাশীল, সহমর্মী এবং নিঃসন্দেহে চার্মিং! সৃষ্টিকর্তা পৃথিবীর সমস্ত খুশিতে ওকে ভরিয়ে দিক।’ ‘দিলওয়ালে’ জুটির এ রিইউনিয়ন দেখে মুগ্ধ নেটপাড়া।
বচ্চনদের দিওয়ালি পার্টিতে হাজির ছিলেন গৌরী খান, করণ জোহররাও। তবে সবাইকে ছাপিয়ে গেল বাদশাহি উপস্থিতি।
প্রসঙ্গত, শাহরুখ অবারও বড়পর্দায় ফিরছেন ‘পাঠান’ নিয়ে। আগামী বছর জানুয়ারিতে মুক্তি পাবে এ ছবি। পাঠানে গুপ্তচরের ভূমিকায় দেখা মিলবে তারকার, সঙ্গী হিসেবে থাকছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রহাম। এ ছাড়া শাহরুখের হাতে রয়েছে আটলির ‘জওয়ান’ ও রাজু হিরানির ‘ডানকি’।
প্রবা/এসএস/জেও