প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩ ১৩:৫১ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩ ১৩:৫৬ পিএম
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পুতুলকে ঘিরে নির্মিত সিনেমা ‘বার্বি’। এ সিনেমায় রয়েছে একঝাঁক তারকা। চলতি বছর মুক্তি পাওয়া সিনেমাটি আয়ের দিক থেকে বেশ কিছু ইতিহাস গড়েছে। এর মধ্যে ওয়ার্নার ব্রাদার্সের ইতিহাসে শত বছরের সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে ‘বার্বি’ এখন সবার ওপরে। এবার আসছে বার্বির সিক্যুয়েল।
ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ‘বার্বি’ পরিচালনা করেছেন গ্রেটা গেরউইগ। সিনেমায় মার্গট রবি ও রায়ান গসলিং দুজন বার্বি ও কেইন হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া মার্কিন পপতারকা ডুয়া লিপা মারমেইড বার্বি চরিত্রে অভিনয় করেছেন। নিকোলা কফলানকে কূটনীতিক বার্বি চরিত্রে দেখা যাচ্ছে। আনা ক্রুজ কেইন হাজির হয়েছেন বিচারপতি বার্বি হয়ে। ‘ইনসিকিউর’খ্যাত ইসারে অভিনয় করেছেন প্রেসিডেন্ট বার্বির চরিত্রে। এমা ম্যাকি আছেন পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী বার্বির চরিত্রে।
সম্প্রতি সিনেমাটির সিক্যুয়েল নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এপি এন্টারটেইনমেন্টের মুখোমুখি হন মার্গট রবি। তিনি বলেন, ‘আমি মনে করি আমরা এই সিনেমায় নিজেদের পুরোটা উজাড় করে দিয়েছি। আমাদের এমন পরিশ্রমের ফলাফল দর্শকের কাছ থেকে ইতোমধ্যেই পেয়েছি। সিনেমাটি নিয়ে আমরা আমাদের যেই প্রত্যাশা ছিল তার দ্বিগুণের দিগুণ ভক্তরা আমাদের উপহার দিয়েছেন। তাই দর্শকের ভালোবাসার প্রতিদান দিতে বার্বির সিক্যুয়েল আনার পরিকল্পনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স। ইতোমধ্যেই তারা আমার সঙ্গে কথা বলেছেন।’
জানিয়েছেন প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও আমাকে তারা বার্বিরূপে দর্শকের সামনে তুলে উপস্থাপনের পরিকল্পনা করেছেন; যার জন্য আগামী বছরের শুরুর দিকে একটি অডিশন দিতে হবে। তারপরই আমার অভিনয়ের বিষয়টি নিশ্চিত করা হবে। এখনই অভিনয়ের বিষয়টি নিয়ে আমি ভাবছি না। আপাতত অডিশনের জন্য নিজেকে প্রস্তুত করার মিশনে নেমেছি।
মার্গট রবির এমন সাক্ষাৎকারে বার্বি ভক্তদের মধ্যে আনন্দ বিরাজ করছে। তবে কবে আসবে বার্বি সিক্যুয়েল, সে বিষয়ে অভিনেত্রী বা ওয়ার্নার ব্রাদার্স থেকে এখনও কিছু নিশ্চিত করা হয়নি।