প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩ ১৩:১০ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩ ১৩:১৬ পিএম
অভিনয়ে দীর্ঘ তিন যুগের বেশি সময়ের পথচলায় এবারই প্রথম কোনো রাষ্ট্রীয় স্বীকৃতিতে ভূষিত হতে যাচ্ছেন নন্দিত অভিনেত্রী, নাট্য ও চলচ্চিত্র পরিচালক অরুণা বিশ্বাস। মূলত বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে জাতীয় পর্যায়ে অবদানের জন্য ‘শিল্পকলা পদক ২০২২’ পাচ্ছেন তিনি।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি সম্পর্কে অবগত হন এই অভিনেত্রী। জীবনে সবচেয়ে বড় খুশির এ খবরটি পেয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি।
অরুণা বিশ্বাস বলেন, ‘সারাটা জীবন আমি শিল্প-সংস্কৃতিকে ভালোবেসে কাজ করে গেছি। আজীবন ভালোবেস অভিনয়টা মনেপ্রাণে করে গেছি। কোনো রাষ্ট্রীয় স্বীকৃতির আশায় কখনও কারও সঙ্গে কোনো ধরনের লবিং করিনি। আমি চেয়েছি কোনো একদিন যদি ভাগ্য সহায় হয় তবে নিশ্চয়ই রাষ্ট্রীয় স্বীকৃতি পাব। আর যদি ভাগ্যে না থাকে তাহলে তা মেনে নেব। এত দিন কিন্তু মেনে নিয়েই এসেছি। কিন্তু জীবনের এই পর্যায়ে এসে শেষ পর্যন্ত হলেও আমি রাষ্ট্রীয় স্বীকৃতিতে ভূষিত হতে যাচ্ছি, এটা যে কত বড় আনন্দের, কতটা ভালোলাগার তা আসলেই ভাষায় প্রকাশের নয়। আমি ঈশ্বরের প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পরম শ্রদ্ধাভরে মনে করছি আমার বাবাকে। খবরটি শোনার পর সবচেয়ে বেশি খুশি হয়েছেন আমার মা আর ভাই মিঠু। আমার সন্তান দূর থেকে ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েছিল। ভীষণ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি, যিনি সুখে-দুঃখে আমাদের পাশে আছেন এবং থাকবেন।’
অরুণা বিশ্বাস সরকারি অনুদানে নির্মাণ করেছিলেন তার পরিচালিত প্রথম সিনেমা ‘অসম্ভব’। এতে তিনিসহ অভিনয় করেছেন আবুল হায়াত, জ্যোৎস্না বিশ্বাস, সোহানা সাবা, নূর, স্বাগতা, শাহেদ শরীফ খানসহ অনেকে। তবে অসম্ভব সিনেমাটি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে ঠিক সেরকম ব্যবসা করতে পারেনি। কিন্তু এ নিয়ে কোনো দুঃখ নেই অরুণার।
নায়করাজ রাজ্জাকের পরিচালনায় বাপ্পরাজের বিপরীতে ‘চাঁপাডাঙ্গার বউ’ সিনেমায় অভিনয় করেন অরুণা। বহু দর্শকপ্রিয় সিনেমা তিনি উপহার দিয়েছেন। সেইসঙ্গে বহু নাটকেও অভিনয় করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হিসেবে কাজ করছেন।