প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩ ১৬:৪৬ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩ ১৭:৫৬ পিএম
বলিউডের প্রভাবশালী পরিবার ‘বচ্চন’ পরিবার। হিন্দি সিনেমার শাহেনশাহ অমিতাভ বচ্চন এই পরিবারের বটবৃক্ষ। বাড়ির অন্দরের সমীকরণ যেন নিত্যদিন বদলাচ্ছে। ঘটনাবহুল তাদের অন্দরমহল। ধোঁয়াশায় ঢাকা নানা গল্পের ভিড়ে এবার শোনা যাচ্ছে, ভাগ হতে যাচ্ছে বচ্চন পরিবারের সহায় সম্পত্তি।
দিন কয়েক আগেই শোনা যাচ্ছিল, বচ্চনদের বাড়ি ছেড়ে নাকি বাপের বাড়িতেই বেশিরভাগ সময় কাটাচ্ছেন বচ্চন বাড়ির বউ ঐশ্বরিয়া রাই বচ্চন।
এ ছাড়াও শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চনের অম্লমধুর সম্পর্কের ফিসফিসানি অনেকেরই কানে গিয়েছে। বচ্চনদের বাড়ির দীপাবলির পূজায় হাজির ছিলেন না ঐশ্বরিয়া। মেয়েকে নিয়ে দীপাবলির আগেই শহর ছাড়েন তিনি।
এবার শোনা যাচ্ছে, চলতি বছরের দীপাবলিতে বাবা অমিতাভ বচ্চন নাকি মেয়ে শ্বেতাকে উপহারস্বরূপ লিখে দিয়েছেন তার সাধের ‘প্রতীক্ষা’।
অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রাই বচ্চন তাকে এই বাংলোটি উপহার দিয়েছিলেন। বলা যেতে পারে অভিনেতার প্রথম সম্পত্তি এটি। এই বাড়িতেই অমিতাভ থাকতেন তার বাবা-মায়ের সঙ্গে। প্রতীক্ষায় দুটি অংশ রয়েছে। একটি ৮৯০.৪৭ স্কয়ার ফুট। অন্যটি ৬৭৪ স্কয়ার ফুট। গত ৮ নভেম্বর এই গিফ্ট ডিড সই করা হয়েছে বলেই খবর। গিফ্ট ডিডের নথির ছবিও প্রকাশ্যে এসেছে।
সঙ্গে জানা গেছে, এই গিফ্ট ডিডের জন্য ৫০.৬৫ লাখ টাকা স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়েছে। অমিতাভ এবং জয়া যৌথভাবে তাদের মেয়ে শ্বেতাকে এই বাংলো উপহার দিলেন। তবে এই বাংলোর দাম আনুমানিক ৫০ কোটি। তা হলে কী বচ্চনদের অন্দরের মনোমালিন্যের জেরেই শুরু হয়েছে সম্পত্তির ভাগ-বাটোয়ারা?
আনন্দবাজারসহ ভারতের অনেক গণমাধ্যমই এ নিয়ে দুয়ে দুয়ে চার মেলাচ্ছে। তাদের প্রশ্ন এসব নিয়েই কি ঝামেলায় দীপাবলির পূজাতে এলেন না ঐশ্বরিয়া?