প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩ ০০:০৫ এএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩ ১১:১২ এএম
আসছে বিজয় দিবস। এ মহান দিবস উপলক্ষে বাংলাদেশ বেতারে প্রচারের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুলের কথা ও সুরে এ প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী সাব্বির জামান ও জিনিয়া জাফরিন লুইপা দুটি দেশাত্মবোধক গানে কণ্ঠ দিয়েছেন।
সাব্বির জামানের গানের কথা এমনÑ ‘আকাশ পাহাড় নদী সাগর, দেশ থেকে দেশান্তর ঘুরে এলাম কত, আমি পাইনি খুঁজে, সুন্দর সবুজে, আর কোনো দেশ আমার দেশের মতো’। অন্যদিকে লুইপার গানের কথা হচ্ছেÑ ‘কুয়াশার পথ কেটে শিশির পায়ে হেঁটে, জানালায় উঁকি দিল সূর্য, এখন সকাল এসে উঠল নরম হেসে, আহা কী ভোরের মাধুর্য, অপরূপ বাংলাদেশটা আমার, এত সুন্দর পৃথিবীর কোথাও দেখিনি তো আর’।
কবির বকুলের লেখা ও সুরে এ দুটি গানেই আলাদাভাবে কণ্ঠ দিয়েছেন সাব্বির-লুইপা। দুটি গানের সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনইয়া।
সাব্বির জামান বলেন, ‘আমার গাওয়া মৌলিক গান “ও বন্ধুরে” কবির বকুল ভাইয়ের লেখা। প্লেব্যাকে আমার যাত্রা চোখের দেখা সিনেমায় বকুল ভাইয়ের লেখা গান “বাঁশির মধ্যে সুর না থাকলে” দিয়ে। তারই লেখা ও সুর করা দেশাত্মবোধক গান গাইলাম এবার বেতারের জন্য। তার লেখা এ গানের মধ্যে কী যেন একটা আছে। আমার কাছে মনে হয় এ গান আজ থেকে ৫০ বছর পর হলেও এমন এক গানে পরিণত হবে যখন এ গানই উদাহরণ হিসেবে টানা হবে। আমার কাছে গানটির কথা ও সুর খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস শ্রোতাদেরও ভালো লাগবে।’
অপরূপ বাংলাদেশ শিরোনামের গানটি গাওয়া প্রসঙ্গে লুইপা বলেন, ‘কবির বকুল ভাই এ দেশের একজন গুণী গীতিকার। সবার প্রিয় অন্যতম একজন গীতিকার। আমার কণ্ঠে তার লেখা একমাত্র মৌলিক গান এটি। তবে তার লেখা বহু গান কাভার সং হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে গেয়েছি। বেতারের জন্য গাওয়া এ গানের সুরও বকুল ভাইয়ের করা। আমার ভীষণ প্রিয় একটি গান। দেশাত্মবোধক গান হিসেবে এটি আমার গানের ক্যারিয়ারে অনন্য সংযোজন। ধন্যবাদ বকুল ভাইকে।’
এদিকে লুইপা আজ চট্টগ্রামে বোট ক্লাবে সংগীত পরিবেশন করবেন। সেখান থেকে ঢাকায় ফিরে ২৮ নভেম্বর একটি স্টেজ শোতে পারফর্ম করবেন।
এদিকে সাব্বির আজ ঢাকায় একটি করপোরেট শোতে গান গাইবেন।