প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩ ১০:৩২ এএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩ ১০:৫১ এএম
স্বাধীন বাংলা ফুটবল দলের অনুপ্রেরণায় নির্মিত পরিচালক রায়হান রাফির সিনেমা ‘দামাল’। এটি মূলত পিরিয়ডিক সিনেমা। এখানে ১৯৭১ সালকেও দেখানো হয়েছে। একদল হার না-মানা মানুষের গল্পের ছবিটিতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম ও শরীফুল রাজ।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ফরিদুর রেজা সাগরের চিত্রনাট্যের এ ছবিটি বাংলাদেশে মুক্তির পর বেশ প্রশংসা পেয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছে কিছু বিভাগে।
এবার এটি অংশ নিচ্ছে সৌদি আরবের একটি চলচ্চিত্র উৎসবে। সৌদি আরবের রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাসের নিয়মিত বার্ষিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অ্যাম্বাসাডরস চয়েস-আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে দামাল। পক্ষকালব্যাপী এ উৎসব শুরু হবে ২৪ নভেম্বর। চলচ্চিত্র উৎসবে বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ ব্যক্তিবর্গ এবং প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করবেন। সেখানে ৮ ডিসেম্বর দেখানো হবে দামাল।
এ খবরে বেশ উচ্ছ্বসিত পরিচালক রায়হান রাফি। তিনি বলেন, ‘দামাল সিনেমাটি স্বাধীন বাংলা ফুটবল দলের ঘটনা থেকে অনুপ্রাণিত। ওই ঘটনাটি নিয়েই সিনেমা নয়। বায়োপিকে যেমন সব ঘটনা একই থাকতে হয়, দামাল সিনেমা তেমনটা না। কারণ আমি ওই ঘটনাটাই বলতে চাইনি। আমি সেটার স্পিরিট নিয়ে কাজ করতে চেয়েছি। ছবিটি মুক্তির পর দর্শক উপভোগ করেছেন, প্রশংসা করেছেন। এটা আমাকে প্রেরণা জুগিয়েছে। আশা করি রিয়াদে প্রদর্শনীর পর সেখানেও দর্শককে মুগ্ধ করবে দামাল।’
সিয়াম, মিম, রাজ ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, রাশেদ মামুন অপু, সুমিত, সাঈদ বাবু, শাহনাজ সুমি, নাজমুস সাকিব, সামিয়া অথৈ, পূজা ক্রুজ, সারওয়াত আজাদ বৃষ্টিসহ অনেকে।