প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩ ১১:৫৭ এএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩ ১২:০৫ পিএম
কিছুদিন আগেই দুই বাংলার নন্দিত গায়ক, অভিনেতা, পরিচালক ও লেখক অঞ্জন দত্ত ঢাকায় কনসার্ট করে গেলেন। ৩০ সেপ্টেম্বর ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ শীর্ষক এ কনসার্টে গান করেন তিনি। আবার ঢাকায় আসছেন অঞ্জন। তবে শুধু গান গাইতে নয়, করাবেন ক্লাসও।
রেইনবো ফিল্ম সোসাইটি ১৯৯২ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-ডিআইএফএফের আয়োজন করে আসছে। প্রতি বছরের জানুয়ারিতে দেশবিদেশের জনপ্রিয় সব সিনেমা নিয়ে এ আয়োজন করা হয়। ইতোমধ্যে ২০২৪ সালের আয়োজনের বিস্তারিত তালিকা ঘোষণা করা হয়েছে।
২০২৪ সালের ২০ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত উৎসবটি চলবে। প্রতি বছরের মতো এবারও উৎসবে একটি থিম রাখা হয়েছে। এবারের উৎসবের স্লোগান ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’। এখন চলছে প্রস্তুতিমূলক কাজ। আয়োজকরা আশা করছেন উৎসবে ২৫০টি সিনেমা দেখানো হবে। অংশ নেবে প্রায় ৭৫টি দেশ।
নয় দিনব্যাপী এ উৎসবের দুই মাস হাতে থাকলেও ইতোমধ্যে নানা চমকপ্রদ ঘোষণা দিয়ে আলোচনা তৈরি করেছেন আয়োজকরা।
গেল সপ্তাহেই উৎসব কর্তৃপক্ষ ঘোষণা দিয়ে জানিয়েছেন, আসন্ন চলচ্চিত্র উৎসবে মাস্টারক্লাস নেবেন ইরানের বিখ্যাত নির্মাতা মাজিদ মাজিদি ও চীনের চলচ্চিত্র শিক্ষক শি চুয়ান। এবার জানা গেল, উৎসবে ২৭ জানুয়ারি মাস্টারক্লাস নেবেন পশ্চিম বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী, চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা অঞ্জন দত্ত।
মাস্টারক্লাসের পাশাপাশি অঞ্জন গান গেয়েও শোনাবেন বলে আয়োজকদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।