প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩ ১১:৫৩ এএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩ ১২:০৪ পিএম
এ নভেম্বরেই পৃথিবীতে এসেছিলেন আর নভেম্বরেই পৃধিবীর মায়া কাটিয়ে পরপারে চলে যান। একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি অভিনেতা, নির্দেশক, ব্যবসায়ী ও কলামিস্ট আলী যাকেরের আজ মৃত্যুবার্ষিকী।
১৯৪৪ সালের ৬ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুরে আলী যাকেরের জন্ম। ২০২০ সালের ২৭ নভেম্বর এক বর্ণাঢ্য কর্মময় জীবন পার করে তিনি মৃত্যুবরণ করেন।
তার জন্মদিন এবং প্রয়াণ দিবস উপলক্ষে নাগরিক নাট্য সম্প্রদায় আয়োজন করেছে ‘স্মৃতিতে স্মরণে আলী যাকের’ শীর্ষক অনুষ্ঠান। বিষয়টি নিশ্চিত করেছেন নাগরিক নাট্য সম্প্রদায়ের সভাপতি আসাদুজ্জামান নূর ও সাধারণ সম্পাদক সারা যাকের।
আসাদুজ্জামান নূর বলেন, ‘আমাদের সবার প্রিয় বরেণ্য এই শিল্পীর জন্মদিন এবং প্রয়াণ দিবস কেন্দ্র করেই মূলত এ অনুষ্ঠান। অনুষ্ঠানে আমিসহ বেশ কয়েকজন সম্মানিত অতিথি আলোচনায় অংশ নেবেন। আলোচনা পর্ব শেষে তার অভিনীত বিভিন্ন নাটকের অংশবিশেষ মঞ্চস্থ হওয়ার পাশাপাশি তার প্রিয় গান-কবিতার অংশবিশেষও কেউ গাইবেন, আবৃত্তি করবেন। নৃত্য পরিবেশনাও থাকবে। মূলত নাগরিক নাট্য সম্প্রদায় সম্পৃক্ত শিল্পীরাই পারফরম্যান্সে অংশগ্রহণ করবেন। নৃত্যশিল্পী দলের বাইরের কেউ হবেন। এমন একটি আয়োজন উপভোগ করার জন্য নিমন্ত্রণ রইল। আশা করি আমাদের আয়োজন ভালো লাগবে, সেই সঙ্গে আলী যাকেরের প্রতি শ্রদ্ধাও প্রদর্শন করা হবে।’
আসাদুজ্জামান নূর জানান, অনুষ্ঠানে স্মারক বক্তৃতা প্রদান করবেন কলকাতার বরেণ্য নাট্যজন বিভাস চক্রবর্তী। ২৪ নভেম্বর ৬টা ৩০ মিনিটে রাজধানীর বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।
আলী যাকের এ দেশের শিল্প ও সংস্কৃতি চর্চায় সর্বজনশ্রদ্ধেয় নাম। শিল্পকলায় অবদানের জন্য ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত করে। এ ছাড়া তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার, মুনীর চৌধুরী পদক, নরেন বিশ্বাস পদকেও ভূষিত হয়েছিলেন।
১৯৭২ সালে আলী যাকের আরণ্যক নাট্যদলের হয়ে মামুনুর রশীদের নির্দেশনায় মুনীর চৌধুরীর কবর নাটকটিতে প্রথম অভিনয় করেন। ১৯৭২ সালেই আতাউর রহমান ও জিয়া হায়দারের আহ্বানে নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দেন। ওই দলে তিনি আতাউর রহমানের নির্দেশনায় বুড়ো শালিকের ঘাড়ে রোঁ নাটকে প্রথম অভিনয় করেন। ব্রেটল ব্রেশটের দ্য লাইফ অব গ্যালিলিও গ্যালিলি অবলম্বনে গ্যালিলিও নামে অনুবাদ নাটকে নামচরিত্র ‘গ্যালিলিও’ হিসেবে অভিনয়ের জন্য আলী যাকেরকে ‘বাংলার গ্যালিলিও’ হিসেবে আখ্যায়িত করা হয়।