প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩ ১০:৫৬ এএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৩ ১১:১৬ এএম
এ প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপা। তার কণ্ঠে নতুন নতুন আধুনিক গান শ্রোতা-দর্শকের মাঝে যেমন মুগ্ধতা ছড়াচ্ছে; তেমনি বিভিন্ন শিল্পীর গাওয়া পুরোনো জনপ্রিয় গানও নতুন করে প্রশংসা পাচ্ছে। এ ধরনের গানকে কাভার সং হিসেবেই শ্রোতা-দর্শক চেনেন ও জানেন। উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লার সুরে এ প্রজন্মের বেশ কয়েকজন শিল্পীর মধ্যে লুইপারও সুযোগ হয়েছে একটি গান গাওয়ার। ‘এই দেখা শেষ দেখা’ শিরোনামের গানটি রুনা লায়লার সুরে ও গাজী মাজহারুল আনোয়ারের কথায় লুইপা গেয়েছেন। গানটির মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছিলেন রাজা ক্যাশেফ।
ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ হয় এ গান। রুনা লায়লার জন্মদিন ছিল ১৭ নভেম্বর। তার জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে লুইপা প্রকাশ করেছিলেন রুনা লায়লার গাওয়া জনপ্রিয় গান ‘যখন থামবে কোলাহল’। নতুন করে লুইপার কণ্ঠে গাওয়া এই গানটি শ্রোতা-দর্শকও বেশ ভালোভাবেই গ্রহণ করে নিয়েছেন। গানটি লিখেছিলেন মাসুদ করিম, সুর করেছিলেন সুবল দাস।
‘লুইপা অফিসিয়ালস’-এ প্রকাশিত লুইপার কণ্ঠে রুনা লায়লার এই কাভার সংটি এখন পর্যন্ত পাঁচ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। যারা গানটি শুনছেন তারাও এই গানে তার গায়কির বেশ প্রশংসা করছেন। লুইপার কণ্ঠে কনকচাঁপার গাওয়া ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘তুমি আমার এমনই একজন’, নির্মলা মিশ্রের ‘তোমার আকাশ দুটি চোখে’, চিত্রা সিংয়ের ‘আমার চোখের জলের মাঝে’, ‘আকাশ মেঘে ঢাকা’ বেশ জনপ্রিয়তা পেয়েছে।
তবে লুইপার কণ্ঠে কাভার সং হিসেবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ২০১৭ সালের ৩১ জুলাই ‘গানচিল মিউজিক’-এ প্রকাশিত বেগম আখতারের গান ‘জোছনা করেছে আড়ি’ গানটি। গানটির নতুন সংগীতায়োজন করেছিলেন অটমুনাল মুন। ভিডিও নির্মাণ করেছিলেন শাহরিয়ার পলক। সিনেমাটোগ্রাফিতে ছিলেন রাজু রাজ। এই গান শুনেই রুনা লায়লা লুইপার গায়কির ভীষণ প্রশংসা করেছিলেন।
লুইপা বলেন, ‘যখন যে গানটি করেছি সর্বোচ্চ মনোযোগ দিয়ে গাইবার চেষ্টা করেছি। সত্যি বলতে কী গান গাওয়া ছাড়া তো জীবনে আর কিছুইতো তেমন করে শিখতে পারিনি। তাই গানই ভালোভাবে গাইবার চেষ্টা করি। এই গানের জন্যই যখন প্রশংসা পাই, শ্রোতা-দর্শকের ভালোবাসা পাই, তখন মনটা আনন্দে ভরে ওঠে। গান দিয়েই শ্রোতা-দর্শকের মাঝে বেঁচে থাকারই চেষ্টা আমার আজীবন।’
লুইপার আধুনিক গানের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ‘জেন্টলম্যান’ গানটি। তার একক এই গানটিতে মডেল হিসেবে তার সঙ্গে ছিলেন চিত্রনায়ক সিয়াম।