প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩ ১৭:২০ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৩ ১৪:৩৬ পিএম
‘ক্লোজআপ ওয়ান’ তারকা সানিয়া সুলতানা লিজা। খবর রটেছে, চুপিসারে বিয়ে করেছেন তিনি। পাত্র যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকার। নানা গণমাধ্যমে এই খবরই উড়ছে লিজার।
বিয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি এই গায়িকা। তবে লিজার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে সবুজকে দেখা যায়। ফেসবুকেও লিজা আর তার পরিবারের সদস্যদের সঙ্গে পোস্ট করা স্থিরচিত্রে সবুজ খন্দকারকে দেখা গেছে। সে নিয়েই লিজা-সবুজের বিয়ের গুঞ্জন চারদিকে।
২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন লিজা। এর ঠিক চার বছর পর ২০১২ সালের ২ মার্চ ইকবাল মাহমুদ লাভলু নামের একজন রাজনীতিবিদের সঙ্গে লিজার আক্দ হয় বলে শোনা যায়। যদিও লিজা গণমাধ্যমে বলেছিলেন, তাঁদের বাগদান হয়েছিল। কিন্তু পরে আর বিয়েটা করা হয়নি।
এরপর ২০২২ সালে আবারও তার বিয়ের গুঞ্জন শোনা যায়। তখন বলেছিলেন, বিয়ে নয়, নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। তবে বিয়ের সবকিছু রেডি।
সেই বছরই বিয়ে করবেন বললেও সেটা আর হয়নি। ধারণা করা হচ্ছে লিজা সম্পর্কে জড়িয়েছিলেন এই সবুজ খন্দকারের সঙ্গেই। সম্প্রতি যাকে বিয়ে করলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্রে স্টেজ শো করতে গিয়ে ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে পরিচয় হয় লিজার। বিবাহিত সবুজের সঙ্গে পরিচয়ের সূত্রপাত ইকবাল মাহমুদের মাধ্যমে। সবুজের আগের সংসারে স্ত্রী-সন্তান রয়েছে। তারপরও একটা সময় লিজা ও সবুজ প্রেমের সম্পর্কে জড়ান। তাদের দুজনকে যুক্তরাষ্ট্রে একসঙ্গে ঘুরতেও দেখা গেছে। বছরখানেক ধরে বাংলাদেশেও সবুজকে নিয়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে হাজির হন লিজা। বিনোদন অঙ্গনে লিজার ঘনিষ্ঠজনেরা লিজা ও সবুজের বিয়ের বিষয়টি অবগত। তবে লিজা যেহেতু আনুষ্ঠানিকভাবে এখনো কিছু বলছেন না, তাই তারাও এ নিয়ে মুখ খুলছেন না।