× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গানে-গল্পে আজও সজীব সঞ্জীব চৌধুরী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩ ০৯:৪৯ এএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩ ১৩:১৪ পিএম

গানে-গল্পে আজও সজীব সঞ্জীব চৌধুরী

গানের আঙিনায় ক্ষণজন্মা কিংবদন্তি তিনি। ‘আমি তোমাকেই বলে দেবে’, ‘হৃদয়ের দাবি’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’, ‘রিকশা’ ইত্যাদি গানে তার ব্যতিক্রমী সব কথা ছুঁয়ে গেছে কোটি মানুষের প্রাণ। তার সুর ও গায়কীর সঙ্গে শ্রোতাদের ঘটেছে অভূতপূর্ব মেলবন্ধন। তিনি গীতিকবি, সুরকার, গায়ক সঞ্জীব চৌধুরী।

বড় অকালেই চলে যাওয়া এই বোহেমিয়ান গানপুরুষের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ২০০৭ সালের ১৯ নভেম্বর মারা যান তিনি। মৃত্যুর এত বছর পেরিয়েও গানে-গল্পে শ্রোতা ও অনুরাগীদের কাছে সজীব হয়ে আছেন তিনি।

১৯৬২ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জের বানিয়াচংয়ে জন্মগ্রহণ করেন সঞ্জীব চৌধুরী। বাবা ননী গোপাল চৌধুরী এবং মা প্রভাষিণী চৌধুরীর নয় সন্তানের মধ্যে সঞ্জীব সপ্তম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে প্রথম বিভাগে প্রথম হয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি শেষ করেন সঞ্জীব চৌধুরী। এরপর আশির দশকে যুক্ত হন সাংবাদিকতায়।

সঞ্জীব চৌধুরী একাধারে একজন সাংবাদিক-গায়ক-সুরকার ও গীতিকার। জনপ্রিয় ব্যান্ড দলছুটের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। সম্মিলিত সাংস্কৃতিক জোট গঠনে রয়েছে তার অবদান। রাজনীতিতেও ছিল ঘনিষ্ঠতা।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছিল তার সক্রিয় অংশগ্রহণ। সে সময় প্রগতিশীল ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত সঞ্জীব চৌধুরী গলায় হারমোনিয়াম ঝুলিয়ে তাৎক্ষণিক গান লিখে সুর দিতেন আর দলবল নিয়ে রাজপথ কাঁপাতেন কোরাস গান গেয়ে।

ফিচার সাংবাদিকতার ধারা বদলে দেওয়া সঞ্জীব চৌধুরীর সাংবাদিকতা শুরু সাপ্তাহিক ‘উত্তরণ’ পত্রিকা দিয়ে। এরপর দৈনিক আজকের কাগজ হয়ে ভোরের কাগজে। একসময়ের তুমুল জনপ্রিয় এ দৈনিকটিতে সূচনালগ্ন থেকে সম্পৃক্ত হয়ে জীবনের দীর্ঘ একটা সময় পার করে দেন। এরপর দৈনিক যায়যায়দিনের ফিচার এডিটর হিসেবে যোগ দেন।

সাংবাদিকতার পাশাপাশি সংগীতেও তিনি মেধার পরিচয় রেখে গেছেন। পারিবারিকভাবেই ছোটবেলায় সংগীতচর্চায় হাতেখড়ি হয়েছিল। গান গাওয়ার পাশাপাশি নিজেই গান লিখতেন, সুরও দিতেন।

বাপ্পা মজুমদারকে সঙ্গে নিয়ে ১৯৯৬ সালে গঠন করেন ব্যান্ড দল দলছুট। দলছুটের অন্যতম ভোকাল সঞ্জীব চৌধুরী বাউলসম্রাট আবদুল করিমের ‘গাড়ি চলে না’ গানটি গেয়ে জয় করেন সমগ্র দেশ। ‘সাদা ময়লা রঙিলা পালে আউলা বাতাস খেলে’, ‘তোমার বাড়ির রঙের মেলায়’, ‘আগুনের কথা বন্ধুকে বলি’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’, ‘আমি তোমাকেই বলে দেব’, ‘রিকশা কেন আস্তে চলে না’ প্রভৃতি মনমাতানো গানের স্রষ্টা তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা