প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩ ১২:৩৪ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩ ১২:৪১ পিএম
বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। ব্যক্তিজীবনে বহুবার প্রেমের সম্পর্ক নিয়ে হয়েছিলেন সংবাদের শিরোনাম। তবে মাত্র কয়েক মাসের প্রেমের পর হলিউডের পপ-তারকা নিক জোনাসের সঙ্গে বাঁধেন ঘর। সেই সংসারের বয়স পাঁচ বছর হতে যাচ্ছে আগামী মাসে। ২০১৮ সালের ১ ডিসেম্বর হলিউডের এই তারকাকে বিয়ে করেন তিনি।
নিককে বিয়ে করার পর থেকেই যুক্তরাষ্ট্রে নিয়মিত বসবাস করছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা। ভারতে এলেও সেভাবে আর থাকা হয় না তার। কয়েক বছর ধরে দেখা যায় না বলিউডের সিনেমায়ও। তবে হলিউড ইন্ডাস্ট্রিতে নিয়মিতই নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে যাচ্ছেন পিসি।
বর্তমানে মেয়ে ও স্বামী নিয়ে বেশ ভালোই আছেন প্রিয়াঙ্কা। পরিবার সঙ্গে নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছেন। উপস্থিত থাকছেন স্বামী নিকের কনসার্ট ট্যুরেও। এর মধ্যেই নিজের সামাজিক মাধ্যমে ভক্তদের জানিয়ে দিলেন বড় করে নিজেদের পঞ্চম বিবাহবার্ষিকী পালনের পরিকল্পনা করছেন। প্রিয়াঙ্কা বলেন, ‘আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচ বছর যে মানুষটির সঙ্গে পার করতে যাচ্ছি তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। সে আমাকে দীর্ঘ এই সময়ে জীবনের সেরা উপহারটি দিয়েছেন। সংসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকে উপহার দিয়েছেন। তার সঙ্গে কাটানো দীর্ঘ এই সময় আরও দীর্ঘ হোক সেই কামনা আমাদের। নিজেদের পঞ্চম বিবাহবার্ষিকী স্মরণীয় করে রাখতে আমরা ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছি। আপনাদের আশীর্বাদ কামনা করি।’
এদিকে আগস্ট থেকে ‘দ্য ট্যুর’-এ বেরিয়েছে ‘জোনাস ব্রাদার্স’। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিন জোনাস ভাই। প্রায় সব অনুষ্ঠানেই উপস্থিত থাকছেন প্রিয়াঙ্কা। তাই ধারণা করা হচ্ছে, এবারের বিবাহবার্ষিকী ইউরোপে পালনের পরিকল্পনা নিয়েছেন বিশ্বের জনপ্রিয় এই তারকা জুটি। কারণ নভেম্বরের শেষের দিকে জোনাস ব্রাদার্সের ইউরোপ ট্যুর রয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ডিসেম্বরে নিক জোনাসের সঙ্গে বিয়ে হয় প্রিয়াঙ্কা চোপড়ার। ভারতের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে হয় তাদের রাজকীয় বিয়ের আয়োজন। সনাতন ও খ্রিস্টান রীতিতে হয় বিয়ে। ভারতের পর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হয় তাদের বিয়ের পার্টি। সামাজিক মাধ্যমে প্রায়ই তারা দারুণ সব ছবি শেয়ার করে নিজেদের ভালোবাসার গল্প ভক্তদের জানান দেন।