বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২২ ১৬:৩১ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২২ ১৬:৫৩ পিএম
দক্ষিণের সিনেমা পুষ্পা দর্শকমহলে রীতিমতো ঝড় তুলেছে। ছবির পরবর্তী সিকুয়াল ‘পুষ্পা দ্যা রুল’ নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। এবার শোনা যাচ্ছে, ছবির দ্বিতীয় কিস্তিতে ভিলেনের ভূমিকায় অভিনয় করবেন কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্ত।
যদিও ‘পুষ্পা দ্যা রাইজ’ ছবির প্রথম পার্টে অভিনয়ের কথা ছিল যিশুর। তবে সে সময় কোভিড পরিস্থিতির কারণেই দক্ষিণের সেই সুপারহিট ছবিতে অভিনয় করে ওঠা হয়নি তার। আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করার ইচ্ছা পূরণ হয়নি। এক সাক্ষাৎকারে যিশু নিজেই জানিয়েছিলেন পুষ্পা দ্যা রাইজ ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয়ের প্রস্তাব এসেছিল তার কাছে। ফাহাদ ফাসিল অভিনীত চরিত্রটি আসলে তারই করার কথা ছিল। তবে এখন শোনা যাচ্ছে, যিশু নাকি পুষ্পা-২ অর্থাৎ ‘পুষ্পা দ্যা রুল’ ছবিতে অভিনয় করতে চলেছেন।
ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করবেন যিশু সেনগুপ্ত। যে চরিত্রে অভিনয়ের প্রস্তাব শুরুতে পেয়েছিলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। তবে বিজয় সেই প্রস্তাব ফিরিয়ে দেন। কারণ তিনি নভেম্বর মাস থেকে অন্য একটি ছবির শুটিংয়ে ব্যস্ত থাকবেন। তাই পুষ্পা : দ্যা রুলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বিজয় সেতুপতি। যদিও এ বিষয়ে ছবির নির্মাতাদের তরফে কিংবা যিশু নিজে এখনও কিছু জানাননি।
প্রথম ছবির ধারাবাহিকতায় পুষ্পা-টুতেও থাকছেন আল্লু অর্জুন, রেশ্মিকা মানদানা, ফাহাদ ফাসিল। এই ছবির পরিচালক ও চিত্রনাট্যকার সুকুমার। ২০২১ সালে পুষ্পা ব্লকবাস্টার হিট হয়। ছবিটি দক্ষিণের বিভিন্ন ভাষার পাশাপাশি হিন্দি ডাবিংয়েও মুক্তি পায়। শুধু হিন্দি ডাবিং ছবিটিই ১০০ কোটির ব্যবসা করে। পুষ্পা ১-এর সাফল্যের পর ভক্তরা পুষ্পা টু-এর মুক্তির জন্য অপেক্ষা করছেন।
প্রসঙ্গত, ২০১৯ সালে দক্ষিণী ছবিতেই ডেবিউ করে ফেলেছিলেন যিশু। এনটিআর-এর বায়োপিকে দেখা গিয়েছিল তাকে। পরে দক্ষিণী পরিচালক বিজয়ের পরিচালনায় থালাইভিতেও অভিনয় করেন যিশু।
প্রবা/এসএস/এমজে