বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২২ ১৬:১৫ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২২ ১৯:০৩ পিএম
ঢাকাই সিনেমার প্রিয় মুখ অভিনেতা সাইমন সাদিক ও অভিনেত্রী শবনম বুবলী। এ দুই তারকা জুটি বেঁধে অভিনয় করছেন ‘চাদর’ সিনেমায়। এর শুটিংয়ের জন্য বর্তমানে বান্দরবানে আছে এই জুটি। সেখানকার বিভিন্ন লোকেশনে হবে সিনেমাটির দৃশ্যধারণ।
গত শনিবার (২২ অক্টোবর) বিকালে ফেসবুকে দুটি ছবি পোস্ট করে এই তথ্য জানান সাইমন। এ সময় তার পোস্ট করা ছবিতে শবনম বুবলীকেও দেখা যায়।
সাইমন ছবির সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘চাদর’ সিনেমার গানের শুটিং-এ যাই’। শুটিংয়ের জন্য প্রথমে আকাশপথে চট্টগ্রাম যান সিনেমার প্রধান দুই তারকা সাইমন-বুবলী। পরে সেখান থেকে বান্দরবান যান তারা।
জানা গেছে, বান্দরবানের বিভিন্ন মনোরম লোকেশনে টানা তিন দিনের শুটিং হবে চাদর সিনেমার একটি গানের। এ জন্য শুটিংয়ে অংশ নিতে সাইমন-বুবলী ও নির্মাতাসহ পুরো টিম বান্দরবান যান। সেখানে শুটিং শেষে আগামীকাল ২৫ অক্টোবর ঢাকায় ফেরার কথা তাদের।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রযোজনায় ‘চাদর’ সিনেমা পরিচালনা করছেন নির্মাতা জাকির হোসেন রাজু। আর এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটিবদ্ধ হলেন সাইমন ও বুবলী।
চাদর সিনেমায় সাইমন-বুবলী ছাড়াও অভিনয় করেছেন মনিরা মিঠু, রাশেদ মামুন অপু প্রমুখ।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ৭০ লাখ টাকা অনুদান দিয়েছে ‘চাদর’ সিনেমাটির জন্য।
প্রবা/এসএস/এমজে