বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২২ ১৫:৪৬ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২২ ১৬:৪১ পিএম
একের পর এক চমক দিয়ে যাচ্ছে দক্ষিণ ভারতের সিনেমা ‘কানতারা’। গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পাওয়া অ্যাকশন-থ্রিলার সিনেমাটি গড়ছে অনেক রেকর্ড। সমগ্র ভারতের এক নম্বর ট্রেন্ডিংয়ে থাকা সিনেমাটি দেশের বাইরেও রাখছে সাফল্যের ছাপ। প্রথম কন্নড় সিনেমা হিসেবে উত্তর আমেরিকায় সিনেমাটি ১ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে। অস্ট্রেলিয়াতে প্রায় পকেটে ভরেছে ২.৫০ লাখ অস্ট্রেলিয়ান ডলার। এর আগে কোনো কন্নড় সিনেমা এই দুটি দেশে এত বেশি অর্থ আয় করতে পারেনি।
জানা গেছে, মাত্র ১৬ কোটি রুপি বাজেটের এই সিনেমা এখন পর্যন্ত ভারতে আয় করেছে ১৫৩ কোটি রুপির বেশি! এ ছাড়া আইএমডিবি রেটিংয়ের নিরিখে ‘কেজিএফ টু’ এবং ‘আরআরআর’কে পেছনে ফেলে দিয়ে সব থেকে বেশি রেটিংপ্রাপ্ত ভারতীয় সিনেমা হয়ে উঠেছে ‘কানতারা’।
পুরো ভারতের বক্স অফিসে এখন রাজত্ব করছে ‘কানতারা’। কর্ণাটকের এই সিনেমা নিজ এলাকায় দারুণ ব্যবসা করেছে। সেই সঙ্গে ডাবিং করে মুক্তি দেওয়া হয়েছে হিন্দি, তামিল, মালায়লাম ও তেলেগু সংস্করণেও। তেলেগু ভাষায় সিনেমাটি আয় করেছে ১৬ কোটি রুপি। ধারণা করা হচ্ছে শিগগির ‘কেজিএফ : চ্যাপ্টার ওয়ান’-এর আয়কে ছাড়িয়ে যাবে সিনেমাটি। তেলেগুতে ‘কেজিএফ : চ্যাপ্টার ওয়ান’ আয় করেছিল ২৪ কোটি রুপি।
সমালোচকদেরও প্রশংসা পেয়েছে সিনেমাটি। সোশ্যাল মিডিয়ায় এই সিনেমার প্রশংসায় বহু তারকা এগিয়ে এসেছেন ‘বাহুবলী’ প্রভাস থেকে শুরু করে ধানুশ প্রত্যেকে সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন এবং পুরো টিমকে সাধুবাদ জানিয়েছেন।
‘কানতারা’ সিনেমাটি পরিচালনা করেছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির খ্যাতিমান অভিনেতা ঋষভ শেঠি। তিনি নিজেই সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন। এ ছাড়া চিত্রনাট্যও তার লেখা। আর সিনেমাটি প্রযোজনা করেছে সুপারহিট কেজিএফ ফ্র্যাঞ্চাইজি ফিল্ম হোম্বালে ফিল্মসের নির্মাতারা।
পৌরাণিক কাহিনিনির্ভর সিনেমাটির গল্প স্থানীয় গ্রামবাসীর দেবতা ‘ভূতা’কে কেন্দ্র করে নির্মিত হয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন কিশোর, অচ্যুত কুমার, সপ্তমী গৌড়া, প্রমোদ শেঠির মতো অভিনেতা-অভিনেত্রীরা।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতি বিনোদন জগতের অনেক ক্ষতি করলেও ভাষার অন্তরায় উন্মুক্ত করে দিয়েছে। যার জন্য ভালো গল্প ভাষার বাধা পেরিয়ে দর্শকের মন ছুঁয়েছে। দক্ষিণ ভারতীয় সিনেমা ঠিক এই জায়গা থেকেই উত্থান লাভ করেছে। করোনা পরবর্তী সময়ে দক্ষিণ ভারতের পুষ্পা : রাইস, কেজিএফ চ্যাপ্টার : টু, আরআরআর প্রভৃতি সিনেমা বক্স অফিসে সাফল্যের নতুন নজির গড়েছে।
প্রবা/এসএস/এমজে