নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩ ১৮:২৯ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩ ১৪:৩৮ পিএম
ভারতের প্রবাদ প্রতীম কণ্ঠশিল্পী হৈমন্তী শুক্লা। ছবি- সংগৃহীত
‘কারার ঐ লৌহ কপাট’ নজরুলের এ কালজয়ী গানটির সুর বিকৃতি করার তীব্র প্রতিবাদ জানিয়ে ভারতের প্রবাদ প্রতীম কণ্ঠশিল্পী হৈমন্তী শুক্লা অস্কার বিজয়ী খ্যাতনামা সুরকার এ আর রহমানের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন। গতকাল শনিবার (১১ নভেম্বর) রাতে একটি নিউজ পোর্টালের লাইভে অতিথি আলোচক হিসেবে যুক্ত হয়ে তিনি এ দাবি জানান।
হৈমন্তী শুক্লা তার এ জোরালো দাবি বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়ার জন্যও অনুরোধ জানান তিনি।
এ আর রহমানের কঠোর শাস্তি দাবি করে হৈমন্তী শুক্লা বলেন, ‘বাংলাদেশ ভারতসহ সারা বিশ্বের বাংলা গানের শ্রোতারা এর বিরুদ্ধে জেগে উঠুন, রাস্তায় নামুন, জোরালোভাবে প্রতিবাদ করুন। এর বিচার না হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন থেকে সরে যাবেন না।’
তিনি সুর বিকৃতির এ ঘটনাটিকে চরম ‘অসভ্যতা’ আখ্যায়িত করে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘একদিন হয়তো শুনবে কবিগুরুর 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি' গানটির সুরও পাল্টে দেওয়ার চেষ্টা হবে। কারণ ইতোমধ্যে রবি ঠাকুরের ‘পাগলা হাওয়ার বাদল দিনে’ ও ‘বন্দে মাতরম’ এর সুরকেও পাল্টানোর চেষ্টা হয়েছে।’
তিনি এসব ঘৃণ্য অসভ্যতার বিরুদ্ধে সম্মিলিতভাবে সবাইকে রাস্তায় নেমে জোর প্রতিবাদ জানানোর উদাত্ত আহ্বান জানান।
প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপুর পরিকল্পনা ও সঞ্চালনায় প্রচারিত ওই ভার্চুয়াল টকশোতে আরও অংশ নেন বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত দেশবরেণ্য নাট্যজন অধ্যাপক ড. রতন সিদ্দিকী, লেখক ও বিশ্লেষক ড. আরশাদ হোসেন, নজরুল সংগীতশিল্পী বিজন মিস্ত্রি ও নজরুল ভক্ত জিয়াউল হক তুহিন।