বাংলাদেশে ১৭ নভেম্বর
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩ ১০:৩৫ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৩ ১০:৫৮ এএম
অবশেষে কাটছে প্রতীক্ষা। ধামাকা নিয়ে ফিরছেন সালমান খান। তার সঙ্গী হয়ে দীর্ঘদিন পর ক্যারিয়ারে জোয়ার নিয়ে ফিরছেন ক্যাটরিনা কাইফ। এ জুটির জনপ্রিয় মুভি সিরিজ ‘টাইগার’। এর তৃতীয় পর্বটি মুক্তি পেয়েছে আজ। ভারতসহ বিশ্বের নানা দেশে সিনেমাটি মুক্তি পাচ্ছে। দীপাবলি উৎসব উপলক্ষে মণীশ শর্মার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টাইগার থ্রি’ প্রেক্ষাগৃহে হাজির।
তবে মুক্তির আগে খবর মেলে, মধ্যপ্রাচ্যের তিন দেশে নিষিদ্ধ করা হয়েছে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমাটি। নিষিদ্ধের খবরটি কতটা সত্য সে বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা। ভারতের সিনেমার আয়ের বড় অংশ আসে দেশের বাইরে থেকে। এমন অনেক সিনেমা আছে, যেটি ভারতে ফ্লপ হলেও বিদেশে হিট হয়েছে। দেশের বাইরে ভারতীয় সিনেমার বড় বাজার মধ্যপ্রাচ্য। সেখানকার তিন দেশ কুয়েত, কাতার ও ওমানে টাইগার থ্রি নিষিদ্ধের খবর তাই উদ্বেগ তৈরি করেছিল।
বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, দেশ তিনটি সিনেমার ‘ইসলামবিরোধী’ বার্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কোনো কোনো গণমাধ্যম আবার প্রতিবেদন করেছে, সিনেমাটিতে থাকা ক্যাটরিনা কাইফের তোয়ালে-অ্যাকশন দৃশ্য নিয়েও আপত্তি উঠেছে।
তবে টাইগার থ্রির সঙ্গে যুক্ত এক সূত্র বলিউড হাঙ্গামাকে বলেন, ‘মধ্যপ্রাচ্যে সিনেমাটি নিষিদ্ধের খবর সঠিক নয়। কয়েকটি দেশের কর্তৃপক্ষ সিনেমার বিষয়বস্তু নিয়ে তাদের কিছু পর্যবেক্ষণ আমাদের জানিয়েছেন। কিন্তু এখনও নিষিদ্ধ করেননি। তাদের সঙ্গে আলোচনা চলছে। সব ঠিক থাকলে অবশ্যই ওই অঞ্চলে (মধ্যপ্রাচ্য) সিনেমাটি মুক্তি পাবে।’
ঠিক কোন বিষয় নিয়ে আপত্তি করেছে দেশগুলো, এ প্রসঙ্গে সূত্র আরও বলে, ‘সিনেমাটিতে থাকা ভারত-পাকিস্তান নিয়ে বক্তব্য, সন্ত্রাসীদের পরিচয় নিয়ে কিছু বিষয়ে তারা নিজেদের পর্যবেক্ষণ দিয়েছে। এটা নতুন কিছু নয়, অতীতেও তারা নানা বিষয় নিয়ে আপত্তি করেছে। চলতি বছরই পাঠান ও গদার ২ মুক্তির সময়ও এ বিষয়গুলো উঠে এসেছিল। টাইগার থ্রি নিয়েও হচ্ছে। দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।’
১২ নভেম্বর ভারতে মুক্তির দিন পেলেও এক দিন আগেই মধ্যপ্রাচ্যে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।
এদিকে কথা ছিল টাইগার থ্রি আন্তর্জাতিক মুক্তির দিনে বাংলাদেশেও মুক্তি পাবে। শাহরুখ খানের ‘জওয়ান’ দিয়ে বলিউডের সঙ্গে একই দিনে সিনেমা মুক্তির নতুন ইতিহাস শুরু হয় বাংলাদেশে। টাইগার থ্রি হবে তার দ্বিতীয় সিনেমা, এমনটাই আলোচনা চলছিল। তবে সিনেমাটির আমদানিকারক জাজ মাল্টিমিডিয়ার সূত্রে জানা গেল, ১২ নভেম্বর বাংলাদেশে আসছে না সালমান-ক্যাটরিনার সিনেমাটি। তাদের ভাষ্য, ‘মন্ত্রণালয় থেকে অনুমতি মেলেনি। তাই সব প্রস্তুতি নিয়েও রবিবার থেকে বাংলাদেশে দেখানো যাচ্ছে না সিনেমাটি। সবকিছু ঠিক থাকলে ১৭ নভেম্বর ঢাকাসহ সারা দেশে চলবে টাইগার থ্রি’।
সাধারণত ঈদ ও দীপাবলিতে সালমান খানের সিনেমা মুক্তি পায়। সেদিক থেকে এবারের দীপাবলিও জমজমাট হবে ভাইজানভক্তদের। তবে সম্প্রতি কয়েকটি সিনেমা মন্দা যাওয়ায় টাইগার থ্রির দিকে তাকিয়ে সবাই। বলিউড বিশ্লেষকরা মনে করছেন, বক্স অফিসে এ ছবি ভালো প্রভাব ফেলবে। সেই প্রমাণ মিলেছে ইতোমধ্যে অগ্রিম টিকিট বুকিংয়ের তালিকা দেখে। শুরু থেকেই এ ছবিটি নিয়ে চর্চা ছিল তুঙ্গে। ক্যাটরিনা কাইফ বিয়ের পর তড়িঘড়ি এ ছবির শুটিংয়ে যুক্ত হয়েছিলেন। ‘ভারত’ ছবির পর আবার পর্দায় ফিরতে চলেছেন এ জুটি।
এ সিনেমা দিয়ে চমক নিয়ে হাজির হবেন ইমরান হাশমি। ছবিটির ঘোষণা আসার পর প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস প্রথম থেকেই এর খলনায়ক চরিত্রের জন্য নতুন মুখ খুঁজছিল। শেষমেশ তারা ইমরান হাশমিকে বেছে নিল। তবে ইমরান এ সিনেমার আগে আরও দুবার খলচরিত্রে হাজির হয়েছেন। এটা ভিলেন হিসেবে তার তৃতীয় যাত্রা। প্রত্যাশা করা হচ্ছে, এ ছবিতে দর্শক মুগ্ধ করবেন তিনি।
পাশাপাশি এ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খান, হৃতিক রোশনকে। থাকবে আরও একঝাঁক প্রিয়মুখ। মজবুত গল্প, নিখুঁত নির্মাণ, অ্যাকশন, থ্রিলার, রহস্য, রোমান্টিক গান সবকিছু মিলিয়ে ধামাকা হতে যাচ্ছে টাইগার থ্রি। দেখার পালা বক্স অফিসে কতটা সাফল্য পায় সালমান-ক্যাট জুটির এ মিশন।