প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩ ১২:১৪ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৩ ১২:২৪ পিএম
বাংলাদেশের চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী সুচরিতা। দীর্ঘদিনের অভিনয় জীবনে তিনি পেয়েছেন কোটি কোটি দর্শকের ভালোবাসা। সেই ভালোবাসা সঙ্গে নিয়েই এখনও অভিনয় করে যাচ্ছেন। কিন্তু গতকাল সুচরিতা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে একটি বিশেষ অনুরোধ করেছেন সরকারের কাছে, তথ্য মন্ত্রণালয়ের কাছে এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের কাছে।
সুচরিতা বলেন, ‘আমি মনে করি একজন শিল্পী যতদিন সুস্থ থাকেন, সচেতন থাকেন, ভালো থাকেন ততদিনই তিনি অভিনয় করে যেতে পারেন। অন্যান্য চাকরির মতো শিল্পীদের কোনো অবসর নেই। তাই আমি যতদিন অভিনয় করব ততদিন যেন আমাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা যেন না দেওয়া হয়। আল্লাহ না করুক, যদি কখনও আমি অসুস্থ হয়ে যাই কিংবা হুইলচেয়ারে বসে বসে জীবনযাপন করতে হয়, তখন এ সম্মাননা দেওয়া হলে আমার আপত্তি থাকবে না। কিন্তু যতদিন আমি সুস্থ আছি, অভিনয় করছি ততদিন আজীবন সম্মাননা আশা করি না আমি।’
তিনি আরও বলেন, ‘আমি তাদের অভিনন্দন জানাই যারা এখন পর্যন্ত আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন। তাদের প্রতি মন থেকে আমার অনেক শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়া রইল। সবাই আমার জন্যও দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি এবং আরও ভালো ভালো কাজ করতে পারি।’
মুস্তাফিজের ‘কুলি’ চলচ্চিত্রে শিশু চরিত্রে প্রথম অভিনয় করেন সুচরিতা। তখন তার নাম ছিল হেলেন। কুলিতে অভিনয়ের পর তিনি শিশু চরিত্রে আরও অভিনয় করেন ‘নিমাই সন্ন্যাসী’, ‘অবাঞ্ছিত’, ‘রংবেরং’, ‘টাকা আনা পাই’, ‘কত যে মিনতি’, ‘রাজমুকুট’, ‘বাবলু’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে।
নায়িকা হিসেবে আজিজুর রহমানের নির্দেশনায় ‘স্বীকৃতি’, দীলিপ বিশ্বাসের ‘সমাধি’, অশোক ঘোষের ‘মাস্তান’ চলচ্চিত্রে পরপর অভিনয় করেন। এর পর থেকে একে একে ৩ শতাধিক সিনেমায় অভিনয় করেন। সুচরিতার অভিনীত চলচ্চিত্রের মধ্যে ‘বজ্রমুষ্টি’র ‘জীবনে একজন প্রিয়জন সবারই প্রয়োজন’, ‘আঁখি মিলন’-এর ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে’, ‘জাদুর বাঁশি’র ‘আকাশ বিনা চাঁদ’, ‘জীবন নৌকা’র ‘তুমিতো এখন আমারই কথা ভাবছো’ গান চারটি এখনও ভীষণ প্রিয়।