প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩ ১৩:২৪ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৩ ১৩:৪৬ পিএম
আবারো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের জনপ্রিয় ব্যান্ড অর্থহীনের প্রতিষ্ঠাকালীন সদস্য সাইদুস সালেহীন খালেদ সুমন। যাকে সবাই বেজ বাবা নামেই চিনে। চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডের ব্যাংককে আছেন তিনি। নিয়মিত চেকাপের জন্য সেখানে গিয়েছেন তিনি। বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছে অর্থহীন ব্যান্ডের ম্যানেজার টিটু।
এর আগে সুমন তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দিয়ে লেখেন, ‘অনেকের কিছু কনফিউশন দূর করার জন্য এই পোস্টটি করছি। আমি বিগত কয়েক সপ্তাহ ধরে আমার নিয়মিত চেকাআপের জন্য দেশের বাইরে আছি। চিকিৎসা শেষে দেশে ফিরবো। খুব সম্ভবত এই মাসের শেষের দিকেই ফেরা হবে। কিন্তু সেটা নির্ভর করছে আমার শারীরিক অবস্থার উপর।’
এর আগে ব্যাংককের এই হাসপাতালে তিনি দীর্ঘদিন ক্যানসারের চিকিৎসা নিয়েছিলেন। এরপর কিছুটা সুস্থ হলে তিনি ২০২২ সালে দেশে ফিরে আবারো কাজে মনযোগ দেন। যুক্ত হন কনসার্টে। সবশেষ ২০ অক্টোবর আর্মি স্টেডিয়ামে ‘চলো বাংলাদেশ কনসার্ট’-এ পারফর্ম করে অর্থহীন। সেই কনসার্ট শেষেই ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেয় সুমন।
বেশ কয়েক বছর আগে চিকিৎসকেরা সুমনের শরীরে দুটি টিউমারের অস্তিত্ব পান। একসময় জানা যায়, তিনি ক্যানসারে আক্রান্ত। তখন ক্যানসারটি প্রথম ধাপে ছিল। এই গায়কের শরীরে অস্ত্রোপচার করা হয়। এর কিছুদিন পর চিকিৎসকেরা জানান, তার আবার ক্যানসার ধরা পড়েছে। আবারও সার্জারি করা হয়।
২০১৭ সালে সার্জারির পর ব্যাংককের একটি হাসপাতাল থেকে ফিরছিলেন এই গায়ক। এমন সময় হঠাৎ একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সুমনের শরীরে প্রায় ১১ ঘণ্টা ধরে ৯টি সার্জারি করা হয়। ওই দুর্ঘটনায় তার স্পাইনাল কর্ডের ক্ষতি হয়। তখন তার মেরুদণ্ডের দুটি ডিস্কও পরিবর্তন করা হয়েছিল। নতুন করে এর সার্জারির জন্যই দেশসেরা এই শিল্পীর জার্মানিতে যাওয়া খুব জরুরি।
বেজ বাবা সুমন ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত বাজিয়েছেন জেমসের সঙ্গে। তখন ব্যান্ডটির নাম ছিল ফিলিংস, চট্টগ্রামের। ওয়ারফেজের ‘অসামাজিক’ অ্যালবামে কাজ করেছেন তিনি। এভাবে জড়িত ছিলেন প্রায় ১১টি ব্যান্ডের সঙ্গে। পরে ১৯৯৯ সালে সুমন প্রতিষ্ঠা করেন ব্যান্ডদল অর্থহীন। উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান।