প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩ ১৭:০৫ পিএম
এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা সাবা। নিয়মিতই তিনি গান করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় প্রকাশ হলো তার নতুন গান। এ গানটির শিরোনাম ‘জর্দা ছাড়া পান’।
এসএ বিপুলের কথা-সুরে গানটির সংগীতায়োজন করেছেন অনিক সাহান। বিন হাই মিউজিক স্টেশনের ব্যানারে গানটির মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে।
নাজমুল ইভানের পরিচালনায় মিউজিক ভিডিওতে মডেলও হয়েছেন কণ্ঠশিল্পী সাবরিনা সাবা নিজেই। তার বিপরীতে মডেল হিসেবে রয়েছেন সাজ্জাদ চৌধুরী।
নতুন গান নিয়ে কণ্ঠশিল্পী সাবরিনা সাবা বলেন, ‘ক্যারিয়ারে অনেক ধরনের গানই করেছি। তবে এবারের গানটি কথা-সুর ও গায়কীর দিক দিয়ে বেশ আলাদা। একটু চটুল প্রকৃতির রোমান্টিক গান। গানের অডিও’র সঙ্গে মিল রেখে এর ভিডিও করা হয়েছে। আর ভিডিওতে আমিই পারফর্ম করেছি। সব মিলিয়ে আমার বিশ্বাস গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’
উল্লেখ্য, নতুন আরও কিছু গানের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন সাবরিনা সাবা। এ গানগুলোও খুব শিগগিরই নির্দিষ্ট সময় পরপর প্রকাশ হবে বলে জানালেন এ গায়িকা।