প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩ ১২:৩২ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩ ১৫:০৬ পিএম
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ আনুশকা শেঠি। তামিল ও তেলেগু সিনেমায় নিয়মিত অভিনয় করতে দেখা যায় তাকে। অভিনয় করেছেন বেশকিছু দর্শকনন্দিত ও ব্যবসাসফল সিনেমায়। ‘বাহুবলী’র মতো ইতিহাস সৃষ্টি করা সিনেমার নায়িকা তিনি। আজ তার ৪২তম জন্মদিন।
১৯৮১ সালের ৭ নভেম্বর কর্ণাটকের বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন এই লাস্যময়ী অভিনেত্রী। তিনি বেঙ্গালুরুর মাউন্ট কারমেল কলেজ থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর স্নাতক সম্পন্ন করেছেন।
আনুশকা ছিলেন একজন প্রশিক্ষক। অভিনয়ে আসার আগে ইয়োগা প্রশিক্ষক হিসেবে কাজ করতেন। ২০০৫ সালে তিনি ‘সুপার’ নামে একটি তেলেগু সিনেমা দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। এ সিনেমায় তার বিপরীতে ছিলেন নাগার্জুনা।
এরপর আনুশকা একে একে অভিনয় করেন ‘বিক্রমারকুডু’, ‘অরুন্ধতী’, ‘ভেধাম’, ‘লক্ষ্যম’, ‘ডন’, ‘স্বাগতম’, ‘সূর্য্যম’, ‘চিন্তাকায়ালা রভি’, ‘কিং’, ‘কেদি’, ‘সিংগাম’, ‘থান্ডাভাম’, ‘মিরচি’, ‘সিংগাম ২’ ‘সাইজ জিরো’সহ বেশকিছু সিনেমায়।
আনুশকা অভিনীত সবচেয়ে সফল সিনেমা হচ্ছে ‘বাহুবলী : দ্য বিগিনিং’ ও ‘বাহুবলী : দ্য কনক্লুশন’। দুই পর্বের এ সিনেমা ভারতের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় ঠাঁই করে নিয়েছে। এতে আনুশকা অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্র প্রভাসের বিপরীতে।
এ বছর বড়পর্দায় আনুশকার একটি সিনেমাও মুক্তি পায়নি। তবে তাকে দেখা গেছে নেটফ্লিক্সে। ‘মিস শেঠি মিস্টার শেঠি’ শিরোনামে একটি সিনেমা মুক্তি পেয়েছে তার। তবে ২০২৪ সালে বড় ধামাকা নিয়ে আসছেন তিনি। ‘কাথানার’ শিরোনামে এ সিনেমাটি মুক্তি পাবে ২০২৪ সালে। রোজান থমাসের পরিচালনায় মালায়লম ভাষায় নির্মিত হবে সিনেমাটি।
অভিনয়ের গুণে আনুশকা দর্শককে যেমন আকৃষ্ট করেছেন, তেমন স্বীকৃতিও পেয়েছেন। এ পর্যন্ত ৩০টি পুরস্কার পেয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে তিনবার ফিল্মফেয়ার পুরস্কার, নন্দি স্পেশাল জুরি অ্যাওয়ার্ড, সিনেমা অ্যাওয়ার্ড, সান্তোশাম ফিল্ম অ্যাওয়ার্ড, বিজয় অ্যাওয়ার্ড ইত্যাদি। ২০১৯ সালে আনুশকা জিতেছেন দাদাসাহেব ফালকে পুরস্কার (দক্ষিণ); যা ভারতের চলচ্চিত্রে সর্বোচ্চ পুরস্কার হিসেবে বিবেচিত।