প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩ ১১:১০ এএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩ ১২:১৩ পিএম
দেশের জনপ্রিয় সফট রক ব্যান্ড মেঘদল। যাদের গানের কথাই বড় শক্তি। ব্যতিক্রমধর্মী জীবনভিত্তিক গান দিয়ে দলটি এখন দেশের সেরা ১০ ব্যান্ডের একটি। সেই ধারাবাহিকতায় এ বছরের অক্টোবরে নিজেদের ২০ বছরের মাইলফলক স্পর্শ করেছে মেঘদল।
দুই যুগের পথচলা উপলক্ষে একটি একক কনসার্টের আয়োজনও করে তারা। রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে গেল ১৩ অক্টোবর অনুষ্ঠিত হয় কনসার্টটি। এবার একক কনসার্ট করতে ভারতের কলকাতায় আমন্ত্রণ জানানো হলো তাদের। ১৭ নভেম্বর পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে অনুষ্ঠিত হবে তাদের একক কনসার্ট।
কনসার্টে মেঘদল তাদের নতুন ও পুরোনো গানগুলো শ্রোতাদের গেয়ে শোনাবে। কনসার্টের টিকিট ও আয়োজন নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চায়নি ব্যান্ডটি।
এদিকে কলকাতায় নিজেদের কনসার্টের বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেন মেঘদলের সুরকার ও গিটারিস্ট রাশিদ শরীফ শোয়েব। তিনি বলেন, ‘আমরা ১৭ নভেম্বর কলকাতায় কনসার্ট করতে যাচ্ছি এটি নিশ্চিত। তবে এখন আয়োজনের বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না। এর আগেও আমরা কলকাতায় কনসার্ট করেছি। সেখানকার শ্রোতারা অসাধারণ। আমাদের বেশকিছু গান তাদের মুখে মুখে। যার জন্য কলকাতায় কনসার্ট করতে গেলে কখনও মনে হয় না আমরা দেশের বাইরে আসছি। সেই অনুভূতি নিয়ে আশা করছি এবারের কনসার্টের অভিজ্ঞতাও দারুণ হবে।’
২০০২ সালে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছিল এ ব্যান্ডের। এরই মধ্যে ২০ বছরের মাইলফলক স্পর্শ করেছে মেঘদল। দীর্ঘ এই সময়ে তারা দুটি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছে। তার মধ্যে ২০০৪ সালে মুক্তি পাওয়া প্রথম অ্যালবাম ‘দ্রোহের মন্ত্রে ভালোবাসা’। অ্যালবামটির ‘চেনা অচেনা’, ‘আকাশ মেঘে ঢাকা’, ‘আমার শহর’ গানগুলো বেশ জনপ্রিয়তা পায়।
এরপর ২০০৭ সালে ‘নিওন আলোয় স্বাগতম’ (মিশ্র অ্যালবাম) মুক্তি পায়। ২০০৯ সালে আসে মেঘদলের দ্বিতীয় অ্যালবাম ‘শহরবন্দি’। অ্যালবামটির ‘রোদের ফোঁটা’, ‘ঠিকঠাক’, ‘কুমারী’, ‘নির্বাণ’, ‘আবার শহর’ গানগুলো বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এরপর ২০১৭ সালের শেষ দিকে মেঘদল প্রকাশ করে তাদের আসন্ন ‘অ্যালুমিনিয়ামের ডানায়’। অ্যালবামের একটি গান ‘এসো আমার শহরে’। যে গানটি সামাজিক মাধ্যম ও ইউটিউবে ব্যাপক সাড়া ফেলে শ্রোতাদের মনে। বর্তমানে তাদের তৃতীয় অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র গানগুলো পর্যায়ক্রমে প্রকাশ পাচ্ছে।
মেঘদলের বর্তমান লাইনআপে আছেন শিবু কুমার শীল (কথা, সুর, কণ্ঠ), মেজবাউর রহমান সুমন (কথা, সুর, কণ্ঠ), রাশিদ শরীফ শোয়েব (কণ্ঠ, সুর, গিটার), আমজাদ হোসেন (ড্রামস), এমজি কিবরিয়া (বেজ গিটার), তানভীর দাউদ রনি (কি-বোর্ড) ও সৌরভ সরকার (বাঁশি, ক্লারিনেট, স্যাক্সোফোন)।