লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩ ২১:৩৯ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩ ২১:৫০ পিএম
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু। প্রবা ফটো
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুকে লক্ষ্মীপুরে তার মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার লামচরী জামে মসজিদের সামনে দ্বিতীয় জানাজা শেষে মসজিদের কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে রাত ৭টার দিকে ঢাকা থেকে হিমুর মরদেহবাহী গাড়ি লক্ষ্মীপুরে এসে পৌঁছায়।
হুমায়রা হিমুর মামা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক মঈন উদ্দিন চৌধুরী কামরুল বলেন, ’হিমুর বাবা-মা কেউ বেঁচে নেই। হিমু বাবা-মায়ের একমাত্র সন্তান। তার বাবা প্রকৌশলী সানা উল্লাহ গত আগস্ট মাসে মারা যান। তার মা শামীম আরা চৌধুরী ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। হিমুর মরদেহ তার মায়ের কবরের পাশেই সমাহিত করা হয়েছে।’
তিনি আরও বলেন, ’১৯৮১ সালে হিমুর মায়ের বিয়ে হয়। হিমুর জন্মের পরেই তার বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে হিমুকে নিয়ে তার মা লক্ষ্মীপুরে থাকতেন। কখনও দাদার বাড়িতে যাওয়া হয়নি তার।’
লক্ষ্মীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহিদুজ্জামান চৌধুরী রাসেল বলেন, ’হিমুর জন্ম আমাদের এলাকায়। লামচরী তার নানার বাড়ি। তারা এখানে থাকতেন। পরে পার্শ্ববর্তী এরশাদ ভিলায় তারা ভাড়া থাকতেন। একপর্যায়ে এখান থেকে ঢাকায় চলে যান। এখানে তাদের বাসাবাড়ি কিছুই নেই। লক্ষ্মীপুর এলে নানাবাড়িতে থাকতেন তারা।’
হুমায়রা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি এবং ইডেন মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্যজগতে প্রবেশ করেন। ফ্রেঞ্চ নামক নাট্যদলের হয়ে তিনি অভিনয় করেন। ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে হুমায়রা হিমুর অভিষেক হয়। চলচ্চিত্রের গল্পটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে তৈরি এবং চলচ্চিত্রে তার অসাধারণ অভিনয় সমালোচকদের ইতিবাচক সাড়া পেয়েছিল।