২২ হলে মুক্তি
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩ ১৫:০৮ পিএম
দেশের নন্দিত অভিনেত্রী অরুণা বিশ্বাস। লাইট-ক্যামেরার সামনে ক্যারিয়ারের দীর্ঘ সময় পার করেছেন অভিনেত্রী হিসেবে। সাংস্কৃতিক পরিবারে বেড়ে ওঠা এই অভিনেত্রী নিজের মেধা আর দক্ষতা দিয়ে জয় করে নেন বাংলা চলচ্চিত্রের দর্শকের মন। ১৯৮৬ সালে নায়ক রাজ রাজ্জাকের ‘চাঁপাডাঙার বউ’ সিনেমা দিয়েই চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। সে সময় এটিএম শামসুজ্জামান ও শাবানার সঙ্গে পর্দা ভাগ করে প্রথম সিনেমাতেই বাজিমাত করেন তিনি। এরপর অভিনেত্রী হিসেবে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তবে কাজের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা পেয়েছেন। সেসব ডিঙিয়ে প্রায় একশ সিনেমায় নায়িকা চারিত্রে অভিনয় করেছেন বলে জানান ‘প্রেম শক্তি’ খ্যাত নায়িকা।
এবার তিনি নাম লিখিয়েছেন চলচ্চিত্র নির্মাতা হিসেবেও। তার প্রথম নির্মিত সিনেমা ‘অসম্ভব’। আজ থেকে এটি সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বিষয়টি নিশ্চিত করেছেন অরুণা বিশ্বাস।
গতকাল দুপুরে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সিনেমাটি এ সপ্তাহে ২২টি হলে মুক্তি দেওয়া হয়েছে। আশা করছি হলসংখ্যা সামনে সপ্তাহে আরও বাড়বে।’
তিনি জানান, সরকারিভাবে যে অনুদান দেওয়া হয়েছে তা দিয়ে এ সিনেমার কাজ শেষ করা সম্ভব হয়নি তো বটে, নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত যে বাজেট নির্ধারণ করা হয়েছিল, কাজ করতে গিয়ে সেটিও ছাড়িয়ে গেছে।
অরুণা বিশ্বাস বলেন, ‘অভিনয়ের বাইরে অনেক দিন ক্যামেরার পেছনে কাজ করেছি। নাটক ছাড়াও দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করা হয়েছে। সেই অভিজ্ঞতা নিয়েই অসম্ভব সিনেমার জন্য চ্যালেঞ্জ নিয়েছি। আমি চেষ্টা করেছি সুন্দর ও পরিচ্ছন্ন একটি সিনেমা নির্মাণ করার জন্য। দর্শকদের ভালো লাগলেই আমার পরিশ্রম সার্থক হবে।’
সিনেমাটি প্রসঙ্গে জানতে চাইলে তার ভাষ্য, ‘এটি প্রেম-সংঘাত, মান-অভিমান, নিজস্ব সংস্কৃতি এবং দেশপ্রেমের ঠাসবুনট গল্পে মোড়ানো পাশের বাড়ির পরিচিত একটি গল্প। সিনেমাটিতে আমাদের ঐতিহ্যবাহী যাত্রাশিল্প আছে, কমার্শিয়াল গল্পের ধাঁচ আছে।’ এ অভিনেত্রীকে সর্বশেষ ‘ও মাই লাভ’ ও ‘শান’ সিনেমায় দেখা গেছে। বর্তমানে নতুন কোনো সিনেমায় কাজ করছেন না তিনি। কিন্তু কেন? অরুণা বলেন, প্রায় সময় সিনেমার প্রস্তাব আসে। গল্পে চরিত্রের নাম থাকে নায়িকার মা অথবা নায়কের মা। এটা কি কোনো চরিত্রের নাম হতে পারে? আগে কি মায়ের চরিত্র ছিল না। প্রত্যেকটা চরিত্রের একটা নাম থাকে। এমন অনেক সিনেমা আছে, মা চরিত্রটি পুরো সিনেমাকে টেনে নিয়েছে। সে রকম চরিত্র আসে না বলেই কাজ করা হচ্ছে না।’
সরকারি অনুদানে নির্মিত এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অরুনা বিশ্বাসের মা জ্যোৎস্না বিশ্বাস, আবুল হায়াত, সোহানা সাবা, গাজী আবদুন নূর, স্বাগতা, শাহেদ, শতাব্দী ওয়াদুদসহ অনেকেই।
গান লিখেছেন প্রয়াত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। অতুল প্রসাদের লেখা ‘মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা’ গানটিও এ সিনেমায় ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।