প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩ ১৪:৫২ পিএম
‘ফ্যাশনের রাজধানী’খ্যাত ফ্রান্সের প্যারিসে ২৩ অক্টোবর ২০২৩ অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার সামী আলমের বিশেষ শো-‘মেড ইন বাংলাদেশ’। তাতে পারফর্ম করতে দেখা গেছে মডেল মাশিয়াত রহমানকে। প্যারিসের র্যাম্পে এটিই তার প্রথম ক্যাটওয়াক।

বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরেই মাশিয়াত রহমান বেশ চেনা মুখ। র্যাম্প, প্রিন্ট মিডিয়া, প্রোডাক্ট ক্যাম্পেইন, টিভিসি থেকে শুরু করে মডেলিং, অভিনয়সহ সব মাধ্যমেই সক্রিয় এই লাক্স সুপারস্টার। সম্প্রতি ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত মেড ইন বাংলাদেশ ফ্যাশন শোর র্যাম্পে হেঁটেছেন এই মডেল। প্যারিসে প্রথম ক্যাটওয়াক করা প্রসঙ্গে মাশিয়াত বলেন, এই ইভেন্টটি আমার জন্য একইসঙ্গে ছিল রোমাঞ্চকর ও গর্বের। এখানে যে অভিজ্ঞতা হল তা আমাকে আগামী দিনের পথচলায় বিশেষ প্রেরণা জোগাবে।

সামী আলমের তত্ত্বাবধানে তার নকশাকৃত পোশাকগুলো বিশেষ ফ্যাশন শো মেড ইন বাংলাদেশ-এর কোরিওগ্রাফি করেছেন আজরা মাহমুদ। দেশের পাঁচ মডেল মাশিয়াত রহমান, শিরিন শীলা, মীর মারিয়াম, সিম্মি তাসপিয়া ও আফসানা স্পৃহার পাশাপাশি প্যারিসের ১৫ জন মডেল ক্যাটওয়াক করেন এই ফ্যাশনশো তে।
প্যারিসের পাঁচ তারকা হোটেল ইন্টার কন্টিনেন্টাল প্যারিস লা গ্র্যান্ডের বলরুমে অনুষ্ঠিত এই ফ্যাশন শো ছিল ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার, বাংলাদেশ-ফ্রান্স ট্রেড ইনভেস্টমেন্ট সামিট ২০২৩’-এর অংশ। এম্ব্যাসি অব বাংলাদেশ প্যারিস এবং এম্ব্যাসি অব ফ্রান্স বাংলাদেশের সহযোগিতায় বাংলাদেশ সিকিউটিরিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিআইডিএ) যৌথভাবে ইভেন্টটির আয়োজন করেছিল। তাতে উপস্থিত ছিলেন দুই দেশের কূটনীতিকসহ বিশেষ অতিথিরা।

ফ্রান্সের ফ্যাশন ডিজাইন অ্যান্ড মার্কেটিং স্কুল ‘আইএফএ (ইন্টারন্যাশনাল ফ্যাশন একাডেমি) প্যারিস’ থেকে গ্রাজুয়েশন করা সামী আলম তার ‘মেড ইন বাংলাদেশ’ শীর্ষক জমকালো কালেকশনটিতে একইসঙ্গে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির পাশাপাশি নিজের চোখে দেখা ফ্রান্সের ঐতিহ্য ও সংস্কৃতির চমৎকার সংমিশ্রণ ঘটিয়েছেন। তাতে প্রাণ জুগিয়েছে এ দেশের গ্রামীণ জীবন ও লোকশিল্পের ছোঁয়া। সঙ্গে ফরাসি জীবন ও সংস্কৃতিরও তিনি করেছেন অন্বেষণ ও প্রকাশ।