প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩ ১৬:০২ পিএম
এ প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আতিয়া আনিসা। আধুনিক গানে, সিনেমার গানে, নাটকের গানে, ওয়েব ফিল্মে কিংবা ওয়েব সিরিজে তার গানের সরব উপস্থিতি রয়েছে। এক কথায় বলা যায়, সব ধরনের কাজে আতিয়া আনিসার কণ্ঠ যেন অনেকটাই এমন হয়ে গেছে যে প্রায় সবাই বলেন, ‘আনিসার কণ্ঠটা হলে বেশি ভালো হয়।’
নির্মাতা ও
প্রযোজকও চেষ্টা করেন যাতে আনিসার কণ্ঠে একটা গান থাকে। সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ‘পায়ের ছাপ’ সিনেমায়ও ঠিক তেমনি আতিয়া আনিসার কণ্ঠের একটি গান ছিল। গানটির শিরোনাম ‘এই শহরের পথে পথে’। যদিও গানটি আনিসার কণ্ঠের অন্য আরেকটি গান ‘চলো নিরালায়’র মতো কোনোভাবেই জনপ্রিয় হয়ে ওঠেনি বা শ্রোতারা শুনেছেন এমনও নয়। কিন্তু জুরিবোর্ডের বিচারে এ গানের কারণেই শ্রেষ্ঠ গায়িকা হিসেবে ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন। ‘এই শহরের পথে পথে’ গানটি লিখেছেন সাইফুল ইসলাম মান্নু। সুর-সংগীত করেছেন শওকত আলী ইমন।
মঙ্গলবার এ পুরস্কারের ঘোষণা এলে মুহূর্তে সারা বাংলাদেশ জেনে যায় এ প্রজন্মের শিল্পী আতিয়া আনিসা এলেন, গাইলেন আর জয় করে নিলেন প্রথম রাষ্ট্রীয় পুরস্কার। এ নিয়ে আতিয়া আনিসা বলেন, ‘গতকাল থেকে এখন পর্যন্ত ঘোরের মধ্যে আছি। আমি কি স্বপ্ন দেখছি? আমি জানি না কীভাবে ভাষায় প্রকাশ করব। তবে আমার ধন্যবাদ দেওয়ার লিস্টটা অনেক বড়। আপনাদের সবার দোয়ায় ও ভালোবাসায় আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আমি সবার প্রতি চিরকৃতজ্ঞ। এভাবে আপনাদের ভালোবাসা এবং দোয়া রাখবেন এ প্রত্যাশা করি।’
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করার অধীর অপেক্ষায় আমি’, যোগ করলেন আতিয়া আনিসা।