প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩ ১৫:১৫ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩ ১৫:১৮ পিএম
গেল কোরবানি ঈদে মুক্তি পেয়েছে ‘প্রিয়তমা’ সিনেমা। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে এটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। সিনেমাটিতে অভিনয় করে প্রশংসিত হচ্ছেন শাকিব খান। দেশের গন্ডি পেরিয়ে (৭ জুলাই) যুক্তরাষ্ট্র ও কানাডায় ৪২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এবার ভারতের তিন রাজ্যে মুক্তি পাচ্ছে। আগামী ৩ নভেম্বর পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার প্রায় ৫০টির বেশি সিনেমা হলে সিনেমাটি মুক্তি পাবে। ভারতে সিনেমাটির পরিবেশনায় থাকছে এসএসআর সিনেমাস।
ভারতে প্রিয়তমা মুক্তির তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন দ্য অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান অভি।‘প্রিয়তমা’ সিনেমাটি ভারতে রপ্তানি করছেন তিনি। অভি জানান, আগামী ৩ নভেম্বর ভারতের তিনটি রাজ্যে (পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা) মুক্তি পাবে ‘প্রিয়তমা’। সেখানে সিনেমাটি পরিবেশনা করছেন সত্যদ্বীপ সাহা নামে এক ব্যক্তি।
বাংলাদেশে ‘প্রিয়তমা’ মুক্তি পেয়েছিল গত কোরবানির ঈদে। এরপর বিপুল দর্শকপ্রিয়তার জেরে যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে মুক্তি পায় এবং দারুণ সাড়া পায়। গত ২২ আগস্ট ছবিটি ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পেয়েছে।
হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় শাকিব খানের নায়িকা কলকাতার ইধিকা পাল। এছাড়াও আছেন লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, ডন, শিবা শানু প্রমুখ। এটি প্রযোজনা করেছে ভার্সেটাইল মিডিয়া।