প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩ ১০:২৮ এএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩ ১০:৪৪ এএম
অসহায় মানুষের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সংগীতশিল্পী মেহরীন। মানুষকে সচেতন করতে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। ৩০ অক্টোবর বিকাল ৪টায় কক্সবাজারের একটি হোটেলে উমেন ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস-ডব্লিউএফডব্লিউপি ও অরবিস ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে চক্ষু সচেতনতার ওপর এক সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডব্লিউএফডব্লিউপি বাংলাদেশের প্রজেক্ট ডিরেক্টর সংগীতশিল্পী মেহরীন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল প্রোগ্রাম অফিসার, ইউএন উইমেন, কক্সবাজারের নুসরাত জহির এবং অরবিস ইন্টারন্যাশনালের সহযোগী পরিচালক ড. ইকবাল হোসেন।
অন্যান্যের মধ্যে এনজিও এবং স্বাস্থ্য খাতে কর্মরত অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন।
এ প্রোগ্রামের মাধ্যমে চক্ষু বিশেষজ্ঞদের কাছ থেকে চক্ষুরোগসংক্রান্ত বিবরণ, স্বাস্থ্য খাতের এনজিও নেতৃবৃন্দ, স্থানীয় এবং বেসরকারি স্টেকহোল্ডার ও সম্ভাব্য সুবিধাভোগীদের সঙ্গে চোখের সুরক্ষার জন্য প্রাথমিক স্তরের সতর্কতা এবং প্রতিকার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
ডব্লিউএফডব্লিউপির সভাপতি সংগীতশিল্পী মেহরীন মাহমুদ বলেন, ‘এ প্রোগ্রামের মাধ্যমে আমরা চক্ষু বিশেষজ্ঞদের নিয়ে বাংলাদেশের প্রতিটি জেলায় ক্যাম্পেইন করে থাকি এবং এর মাধ্যমে দেশের অসহায় ও সুবিধাবঞ্চিতদের চোখের সুরক্ষা, সতর্কতা এবং প্রতিকারের জন্য সচেতনতা বৃদ্ধিতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি। কারণ এটা একটা মানবিক কাজ।
এ রকম মানবিক কাজে আমাদের মতো মানুষদেরই সর্বাগ্রে এগিয়ে আসা উচিত। আমরা যারা মানুষের কাছে অনেক প্রিয়, তারা এগিয়ে এলে সাধারণ মানুষ সহজেই সচেতন হয়ে উঠবে বলে আমার বিশ্বাস।’
এদিকে সামাজিক কার্যক্রমের পাশাপাশি মেহরীন গানও করে যাচ্ছেন। দেশ-বিদেশে নানা কনসার্টে অংশ নিতে দেখা যায় তাকে।