বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২২ ১৪:৩৪ পিএম
বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে হলিউডের বহুল আলোচিত সিনেমা ‘ব্ল্যাক অ্যাডাম’। উইকিপিডিয়ার তথ্যমতে ১৯৫ মিলিয়ন ডলারে নির্মিত সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তির একদিন আগে ভারত ও বাংলাদেশে মুক্তি দেওয়া হয়। আয়ের দিক থেকে প্রথমদিন ডোয়াইন জনসনের ‘ব্ল্যাক অ্যাডাম’ বক্স অফিসে বেশ ভালো যাত্রা করেছে।
প্রথম দিন ভারত থেকে সিনেমাটি ৭ কোটি রুপি আয় করেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে কইমইডটকম। এছাড়া তাদের দাবি, বিশ্বব্যপী সিনেমাটি আয় করেছে ১৪ মিলিয়ন ডলার।
ভারতে ডোয়াইন জনসনের বিশাল একটি ফ্যানবেজ রয়েছে। তাই এই তারকার সিনেমা ভারতে মুক্তি দেওয়া হলে ভক্তদের মধ্যে আলাদা উৎসাহ কাজ করে। যার ফলে ধারণা করা হচ্ছে ডিসির সুপার হিরো ‘ব্ল্যাক অ্যাডাম’- এর সিনেমাটি এই সপ্তাহে ভারত থেকে ৫০ কোটি রুপি আয় করতে পারে।
এর আগে ২০২২ সালে জনপ্রিয় সুপারহিরো চলচ্চিত্র ‘দ্য ব্যাটম্যান’ ভারতে মুক্তির প্রথম দিনে প্রায় ৭ কোটি রুপি আয় করেছিল। সেই অনুপাতে ‘ব্ল্যাক অ্যাডাম’ প্রথম দিনের যথেষ্ট ইতিবাচক সাড়া ফেলেছে বক্স অফিসে। বিশ্লেষকরা মনে করছেন, এই যাত্র অনেকদূর নিয়ে যাবে ‘ব্ল্যাক অ্যাডাম’-কে।
‘ব্ল্যাক অ্যাডাম’ ওয়ার্নার ব্রাদার্স এবং নিউ লাইন সিনেমার চলচ্চিত্র ‘শাজাম’-এর স্পিন-অফ। চরিত্রটি প্রথম চল্লিশের দশকে ডিসি কমিক্সে একজন ভিলেন হিসেবে আবির্ভূত হয়েছিল। কয়েক বছর পর ২০০০ সালে এটি অ্যান্টি-হিরো হিসেবে আবির্ভূত হয়।
পরিচালক জাউমে কোলেট সেরা পরিচালিত ও ডোয়াইন জনসন অভিনীত ‘ব্ল্যাক অ্যাডাম’ সিনেমাটিতে অভিনয় করেছেন অ্যালডিস হজ, সেন্টিনিও, কুইন্টেসা সুইন্ডেল এবং পিয়ার্স ব্রসনান প্রমুখ।
এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন অ্যাডাম স্টাইকিয়েল, ররি হেইনস এবং সোহরাব নশিরভানি।
প্রবা/এমএএম/এলএ