প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩ ১৬:২৪ পিএম
তিনি মিষ্টি হাসির অভিনেত্রী। আজকাল অভিনয়ে নিয়মিত নন। কিন্তু হঠাৎ যখন পর্দায় ফিরে আসেন হইচইয়ের কমতি হয় না। এ প্রজন্মের দর্শকের কাছেও তার আবেদন ও গ্রহণযোগ্যতা উল্লেখ্য। বলছি কুসুম শিকদারের কথা। ২০০২ সালে তিনি লাক্স-আনন্দধারা ফটোজেনিক চ্যাম্পিয়ন হন। ২০১০ সালে ‘গহীনে শব্দ’ সিনেমা দিয়ে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় কুসুম শিকদারের।
দ্বিতীয় চলচ্চিত্র ‘লাল টিপ’ দিয়েও প্রশংসা পেয়েছেন। আর কলকাতার গৌতম ঘোষ পরিচালিত ‘শঙ্খচিল’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর বেশ লম্বা বিরতির পর ২০১৮ সালে কাজ করেছিলেন একটি নাটকে।
তারপর থেকেই কুসুম শিকদার পর্দায় অনুপস্থিত। ভক্তদের সাথে যোগাযোগ হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেখানে সম্প্রতি লাল টুকটুক শাড়িতে আবেদন ছড়িয়ে দেখা দিলেন কুসুম শিকদার। বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি ফেসবুকে। আলোকচিত্রী শ্রাবণ চৌধুরীর নাম উল্লেখ করা ছাড়া পোস্টগুলোতে ক্যাপশনে আর কিছু বলেননি। তবে ভক্ত-অনুরাগীদের নানা মন্তব্যের জবাব দিয়ে যাচ্ছেন লাল টুকটুক কুসুম।
বর্তমানে কি করছেন কুসুম শিকদার? অভিনেত্রী জানালেন, তার নতুন সিনেমা ‘শরতের জবা’ নিয়ে ব্যস্ত আছেন তিনি। এটি আগামী বছরের শুরুর দিকে মুক্তি পাবে।
এ ছবিটির মাধ্যমে পরিচালক-প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি। গল্প-চিত্রনাট্য তারই। ২০২১ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত তার গল্পগ্রন্থ ‘অজাগতিক ছায়া’য় ‘শরতের জবা’ গল্পটি রয়েছে।
কুসুমের প্রযোজনা প্রতিষ্ঠান পহরডাঙ্গা পিকচার্সের প্রথম নিবেদন হতে যাচ্ছে ‘শরতের জবা’। নড়াইলের কালিয়া উপজেলায় পহরডাঙ্গা নামে একটি ইউনিয়ন আছে। সেখানে কুসুমের দাদাবাড়ি। ছবিটির শুটিং হয়েছে পহরডাঙ্গাতেই।
কুসুমের সঙ্গে ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন সুমন ধর। এখন পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। দুই ঘণ্টা দৈর্ঘ্যের ছবিটি ওটিটি নাকি সিনেমা হলে মুক্তি পাবে তা এখনই বলতে নারাজ কুসুম।
ছবিটিতে আরো অভিনয় করেছেন ইয়াশ রোহান, জিতু আহসান, শহিদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, মাহমুদুল ইসলাম মিঠু, অশোক ব্যাপারি, হাসনাত রিপন, জাহাঙ্গীরসহ অনেকে। চিত্রগ্রহণ করেছেন খায়ের খন্দকার।
‘শরতের জবা’য় একটি গান আছে। এটি গেয়েছেন আলেয়া বেগম। এর কথা লিখেছেন ও সুর করেছেন ইমন চৌধুরী। সংগীতায়োজনে সন্ধি।