কলকাতায় শুরু হলো প্রচারণা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩ ১১:১৪ এএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩ ১২:২২ পিএম
গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত শরীফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত সিনেমা ‘কাজল রেখা’। আগামী বছর বসন্ত উৎসবে মুক্তি পেতে যাচ্ছে এটি। এরই মধ্যে সিনেমাটির প্রচার শুরু হয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে গতকাল দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হয় বাংলাদেশ-নেদারল্যান্ডসের ক্রিকেট ম্যাচ। এ খেলাতেই খেলোয়াড়দের অনুপ্রেরণা দিতে এবং নিজেদের সিনেমার প্রচার করতে মাঠে উপস্থিত হয়েছেন গিয়াস উদ্দিন সেলিম, শরীফুল রাজ ও মন্দিরা।
ছবিটির মুখ্য চরিত্রে দেখা যাবে মন্দিরাকে। তিনি কলকাতা থেকে বলেন, ‘আমাদের পূর্বপরিকল্পনাই ছিল যে বিশ্বকাপ ক্রিকেট খেলার মাঠ থেকেই কাজল রেখার প্রচার শুরু হবে। যেহেতু বিশ্বকাপ ক্রিকেট, তাই ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি থাকবে খেলার দিকে। আমরা তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। সেলিম ভাই, রাজসহ আমরা প্রবল আগ্রহ নিয়ে মাঠে গিয়েছি। সবার সঙ্গে বসে খেলা দেখেছি। দেশের বাইরে নিজেদের সিনেমার প্রচার শুরুটা দারুণ ব্যাপার। অনেককে আমরা মিস করেছি। ভিসার কারণে সবাই যেতে পারেননি। তবে আমাদের বিশ্বাস পুরো টিমই আমাদের সঙ্গে ছিলেন।’
মন্দিরা আরও বলেন, ‘এ সিনেমার মুক্তি নিয়ে আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। এতে আমার সহশিল্পী হিসেবে শরীফুল রাজ দারুণ অভিনয় করেছেন। আশা করছি সিনেমাটি দর্শকের ভালো লাগবে। দীর্ঘ একটি সময়ের অপেক্ষার পর দর্শকের মন ভরে যাবে কাজল রেখা দেখে। ধন্যবাদ-কৃতজ্ঞতা সেলিম ভাইকে, কারণ তিনি আমাকে এমন একটি সিনেমায় নামভূমিকায় কাজ করার সুযোগ করে দিয়েছেন।’
মন্দিরা জানান, আগামী মাসের প্রথম সপ্তাহে তারা দেশে ফিরবেন। দেশে ফেরার আগে ৩১ অক্টোবর বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেট খেলাও উপভোগ করবেন ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে। সেখানেও ক্রিকেটারদের অনুপ্রেরণা দেওয়ার পাশাপাশি নিজেদের সিনেমার প্রচার করবেন তারা।