প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩ ১৪:৫৭ পিএম
চয়নিকা চৌধুরী পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘প্রহেলিকা’। গেল কোরবানি ঈদে এটি মুক্তি পায় বাংলাদেশে। এ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ আট বছর পর বড়পর্দায় আসেন অভিনেতা মাহফুজ আহমেদ। তার বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। অভিনয়ের মুগ্ধতা ছড়িয়েছেন ডায়নামিক অভিনেতা নাসিরউদ্দিন খানও।
মুক্তির চার মাস চলছে সিনেমাটির। এতদিন পেরিয়েও এটি ক্রেজ ধরে রেখেছে সিনেমা হলে। তাও আবার বিদেশের মাটিতে। উত্তর আমেরিকায় মুক্তির পর থেকে খুব সাড়া পাচ্ছে প্রহেলিকা। দেশটির একাধিক স্টেটে ছবির এমন সাড়া দেখে আনন্দিত নির্মাতা চয়নিকা চৌধুরী। গেল ৬ অক্টোবর জ্যামাইকায় প্রিমিয়ার শোয়ের পর থেকেই প্রহেলিকার দর্শক চাহিদা বেড়ে যায়। টানা ২১ দিন চলার পর দর্শকের অনুরোধে সিনেমাটির শো বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দর্শকের ব্যাপক উৎসাহের কারণে নিউইয়র্কের জামাইকা সিনেপ্লেক্সে বাংলা সিনেমা প্রহেলিকার প্রদর্শনী আরও এক সপ্তাহ বর্ধিত করা হয়েছিল। এখন এ সিনেমাটির জয়জয়কার চলছে উত্তর আমেরিকার চারদিকে।
যুক্তরাষ্ট্রের আরও ছয়টি শহরে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ২৭-২৯ অক্টোবরে টেক্সাসের হিউস্টন, অস্টিন, ক্যালিফোর্নিয়ার সাক্রামেন্টো, ওহাইওর কলম্বাস, মায়ামির ডেট্রয়েট/টেইলর, ২৭ অক্টোবরে বোস্টন সিটিগুলোয় প্রহেলিকা মুক্তি পাবে। চয়নিকা চৌধুরী বলেন, ‘এটি সত্যি অসাধারণ একটি প্রাপ্তি আমার জন্য। সিনেমাটি মুক্তির এতদিন পরও মানুষের মন জয় করে চলেছে। সুদূর আমেরিকায় অভাবনীয় সাড়া ফেলেছে। আমি বেশ কয়েক দিন ছিলাম আমেরিকায়। সেখানে নিউইয়র্কসহ আরও দুটি শহরে গিয়েছি। সরাসরি হলে গিয়ে দর্শকের মুখোমুখি হয়েছি। সবাই দারুণ প্রশংসা করেছেন। বিশেষ করে সবাই ধন্যবাদ জানিয়েছেন মাহফুজ আহমেদকে এতদিন পর ফিরিয়ে আনার জন্য। বুবলী, নাসিরউদ্দিন খানের অভিনয় ও গানগুলোর জন্য প্রশংসা করেছেন।’
চয়নিকা চৌধুরীর পরিচালনায় সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। চিত্র গ্রহণ করেছেন সুমন হোসেন আর সম্পাদনা করেছেন রমজান আলী। আবহ সংগীত গেয়েছেন ইমন সাহা। ছবির তুমুল জনপ্রিয় ‘মেঘের নৌকো’ শিরোনামের গানটি লিখেছেন আসিফ ইকবাল। এতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কোনাল।