প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩ ১২:৫৪ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৩ ১২:৫৯ পিএম
২৭ অক্টোবর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’। এর আগে ১৩ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল।
মুক্তির আগে বুধবার মুম্বাইয়ে ভারতীয় চলচ্চিত্রের জাতীয় জাদুঘরে বাংলা ও হিন্দিতে সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরিচালক শ্যাম বেনেগালের সঙ্গে সিনেমাটি উপভোগ করেন দেশটির সিনেমাসংশ্লিষ্টরা। এ আয়োজনে সিনেমাটির মূল অভিনেতা আরিফিন শুভ ছাড়াও বিএফডিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশেষ প্রদর্শনীর পর শ্যাম বেনেগাল বলেন, ‘অবশ্যই আমি ছবিটি তৈরি করে উপভোগ করেছি। এটা আমার জন্য সম্মানের বিষয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মুজিবকন্যা ছবিটি পছন্দ করেছেন।’
বিশেষ প্রদর্শনী শেষে সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করা আরিফিন শুভর প্রশংসা করেন বলিউডের প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত শুভ। তিনি অনুভূতি জানিয়ে বলেন, ‘এটা আমার জন্য বিশেষ মুহূর্ত। অনুপ্রেরণারও।’
তিনি হলে গিয়ে ছবিটি দেখতে আমন্ত্রণ জানান সবাইকে। শুভ বলেন, ‘শুটিং শুরুর আগে উদ্বিগ্নতা, কী করে সামাল দেব, পারব তো আমি… এই ভাবতে ভাবতে সেটা আজ পৃথিবীর সামনে। মুজিব চলছে সারা দেশে। সবাই হলে গিয়ে সিনেমাটি দেখুন।’
এদিকে দেশে মুক্তির তৃতীয় সপ্তাহ পর ভারতের দর্শকের পাশাপাশি সিনেমাটি আরব আমিরাতের দর্শকের জন্য একই দিনে মুক্তি দেওয়া হচ্ছে। দুবাইতে ছয় দিনের শো দেখানোর জন্য অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও ভারতে মাত্র তিন দিনের শোয়ের টিকিট অগ্রিম পাওয়া যাচ্ছে। ভারতের অনলাইন টিকিট সাইটের তথ্যানুযায়ী ২৭, ২৮ ও ২৯ অক্টোবর কলকাতার বিভিন্ন হলে মোট ২৪টি শোয়ের আয়োজন করা হয়েছে। সিনেমা হলগুলোর তালিকায় রয়েছে অ্যাক্সিস মল-রাজারহাট, সিটি সেন্টার-সলটেক, সিটি সেন্টার ২-রাজারহাট, রঙগুলি মল-বেলুড়, হিলান্দ পার্ক, নজরুলতীর্থ-সিনেমা, পিভিআর : অভনি-কলকাতা ও ম্যানি স্কয়ার মল-কলকাতা। টানা তিন দিন এ আটটি হলে মোট ২৪টি শো চলবে। এ ছাড়া হিন্দি ভাষায় সিনেমাটি সাত দিন দেখানো হবে। যেখানে ২৭, ২৮ ও ২৯ অক্টোবর প্রতিদিন নয়টি করে শো চললেও ৩০, ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর মাত্র একটি করে মোট ৩১টি শো চালানো হবে। তবে হিন্দি ভাষার বেশিরভাগ শো কলকাতাতেই। ধারণা অনুযায়ী গোটা ভারতে সিনেমাটি মুক্তি দেওয়া হয়নি।
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে মোট ছয় দিনে শো চালানো হবে ২৩টি।
মুজিব একটি জাতির রূপকার সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। আর শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। জনপ্রিয় অভিনেতা তৌকীর আহমেদ, রিয়াজ আহমেদ, চঞ্চল চৌধুরী, প্রার্থনা দীঘি, দিলারা জামান, জায়েদ খান, তুষার খান ও অন্যরা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।
বাংলাদেশের প্রেক্ষাগৃহে মহাসমারোহে চলছে সিনেমাটি। প্রথম সপ্তাহের পর দ্বিতীয় সপ্তাহে শো বেড়ে যায়; যা তৃতীয় সপ্তাহেও বজায় আছে।